ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের একটি শীর্ষ ওষুধ কোম্পানি ক্লোরোফোরোকার্বনভিত্তিক অ্যারোসল ইনহেলার উৎপাদন আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে।
মন্ট্রিল প্রটোকল মেনে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তার উৎপাদনকেন্দ্রটি বন্ধ করে যা বাংলাদেশে এ ধরনের প্রথম ঘটনা।
প্রটোকলের ২৫ বছর পূর্তি উপলক্ষে ইনহেলার উৎপাদনে ক্লোরোফোরো কার্বন (সিএফসি) বাদ দিয়ে হাইড্রোফ্লোরোঅ্যালকেন (এইচএফএ) ব্যবহারে যায় বেক্সিমকো। প্রটোকলটি ১৯৮৭ সালে ১৮৭টি দেশ স্বাক্ষর করে।
টঙ্গীতে বেক্সিমকোর এইচএফএ ভিত্তিক ইনহেলার উৎপাদনকেন্দ্রটি বৃহস্পতিবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। উৎপাদন পদ্ধতি পরিবর্তন উপলক্ষে একটি স্মারকও অবমুক্ত করেন মন্ত্রী।
এ সময় মন্ট্রিল প্রটোকল মেডিক্যাল টেকনিক্যাল অপশন্স কমিটির সদস্য ক্রিস্টিন হোর্লো উপস্থিত ছিলেন যিনি সিএফসিভিত্তিক ইনহেলার প্রত্যাহারে বাংলাদেশের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।
তিনি বলেন, বাংলাদেশের এ ক্ষেত্রে ‘দ্রুত’ এগুচ্ছে।
বেক্সিমকোর প্রধান পরিচালন কর্মকর্তা রব্বুর রেজা বলেন, “বিশ্বে সিএফসি ইনহেলার প্রত্যাহারকারী প্রথম কয়েকটি প্রতিষ্ঠানের একটি হতে পেরে আমরা গর্বিত।”
মন্ট্রিল টেকনিক্যাল অপশন্স কমিটির সদস্য রেজা সিএফসিভিত্তিক ইনহেলার ব্যবহার বন্ধে চিকিৎসকদের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ মনে করেন।
সিএফসিভিত্তিক অ্যারোসল পৃথিবীর বায়ুমণ্ডলের ওজন স্তরে ক্ষয় ঘটিয়ে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে থাকে।
গবেষকরা প্রায় ২০ বছরের গবেষণায় এইচএফএভিত্তিক অ্যারোসল ইনহেলার উৎপাদন প্রক্রিয়া উদ্ভাবন করেন।
চিকিৎসায় সিএফসিভিত্তিক অ্যারোসল ইনহেলারের ব্যবহার উন্নত বিশ্ব ২০১০ সালের মধ্যে বাদ দিলেও স্বল্পোন্নত দেশ হিসাবে বাংলাদেশ এক্ষেত্রে আরো দুই বছর সময় পায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/০০৩৪ ঘ.
bdnews24