২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিটামিন 'এ' খাওয়ানো হলো শিশুদের

সারাদেশে পাঁচ বছরের কম বয়সী প্রায় দুই কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 04:09 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে পাঁচ বছরের কম বয়সী প্রায় দুই কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে রোববার। ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের আওতায় প্রায় দেড় লাখ স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি বিদ্যালয় এবং বাস, নৌ ও রেল স্টেশনে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়। জনস্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ফাতিমা চৌধুরী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সময় কোনো সমস্যা দেখা দেয়নি। সবকিছু ঠিকঠাক মতো হয়েছে।" সারাদেশে এক থেকে পাঁচ বছর বয়সী এক কোটি ৯০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল এবং এদের মধ্যে দুই থেকে পাঁচ বছর বয়সী এক কোটি ৭০ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছিলো সরকার। এবারই প্রথম পরীক্ষামূলকভাবে গোপালগঞ্জ, সাতক্ষীরা, কুমিল্লা, মৌলভীবাজার, বরিশাল জেলা এবং রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ছয় থেকে ১১ মাসের শিশুদের কম ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ফাতিমা চৌধুরী বলেন, "সবাইকে ট্যাবলেট খাওয়ানো গেছে কি না- এখনই এমনটা বলা যাচ্ছে না। তবে অবশ্যই এটা লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশের কম হবে না।" সরকারি হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ৩০ হাজারের বেশি শিশুর জীবন বাঁচানোর পাশাপাশি লাখ লাখ শিশুকে রোগ সংক্রমণ থেকে রক্ষা করে ভিটামিন এ। পুষ্টি ইন্সটিটিউটের সমীক্ষায় দেখা গেছে, অপুষ্টির কারণে শিশুদের রাতকানা হয়। এ রোগ রোধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ভিটামিন এ। দুই দশক আগের শিশুদের মধ্যে রাতকানার হার ছিলো তিন দশমিক সাত শতাংশ। আর বর্তমানে তা কমে এসেছে শূন্য দশমিক শূন্য দুই শতাংশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করে সব শিশুকে ভিটামিন এ খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি তাগিদ দেন। সরকারি উদ্যোগে প্রতি বছর বাংলাদেশে শিশুদের দুবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। চলতি বছর দ্বিতীয় পর্যায়ে এ ক্যাপসুল দেওয়া হবে অক্টোবরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/১৭৫৫ ঘ.