২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধ প্রশাসন পরিদপ্তরের ডিজির বিরুদ্ধে রুল

হাইকোর্টের আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ওষুধ প্রশাসন পরিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ওষুধ প্রশাসন পরিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও এম মোয়াজ্জাম হোসেনের বেঞ্চ এই রুল জারি করে। আদালত অবমাননার অভিযোগে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না- দুই সপ্তাহের মধ্যে তা জানাতে বলা হয়েছে। আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, "জানুয়ারি মাসে হাইকোর্ট আটটি ওষুধের উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছিলো। এরপর ওষুধ প্রশাসন পরিদপ্তর উৎপাদকদের এ বিষয়ে নোটিস দেয়। "তবে ডাইক্লোফেনাক নামের একটি ওষুধের উৎপাদক ইনোভা ফার্মাসিউটিক্যাল লিমিটেড হাইকোর্টের ওই রায় পুনর্বিবেচনার আবেদন করে। হাইকোর্ট ওই আবেদনে সাড়া না দিলেও ওষুধ প্রশাসন পরিদপ্তর নোটিসটি প্রত্যাহার করে নেয়। এতে ওই ওষুধ এখনো বাজারে রয়ে গেছে।" এর আগে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৩ নভেম্বর বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা এবং চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেয়। ওই আদেশের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ১৭৪টি ওষুধের নমুনা করে ৪৮টির বিষয়ে ল্যাবরেটরি প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে ৮টি ওষুধের ব্যাপারে বলা হয়- এগুলো মান সম্মত নয়। গত ২৭ জানুয়ারি আদালত এসব ওষুধের উৎপাদন ও বিপণন বন্ধ করে বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দেয়। ওষুধগুলো হলো- নর্থ বেঙ্গল ফার্মা লিমিটেডের টেট্রাসাইক্লিন ও ইনডক্স ক্যাপসুল, ইনোভা ফার্মাসিউটিকাল লিমিটেডের ডাইক্লোফেনাক, বেঙ্গল টেকনো ফার্মা লিমিটেডের বিটিমক্স ২৫০ মিলিগ্রাম ও বিটিমক্স ৫০০ মিলিগ্রাম, ইন্দো বাংলা ফার্মা লিমিটেডের ক্যাপসুল ইনডোটেট্রা এবং এলকো ফার্মা লিমিটেডের সেফক্স ক্যাপসুল ও সাসপেনশন টেমপিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/জেকে/১৯০৬ ঘ.