২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে আরেক শিশুর দেহে বার্ড ফ্লু

রাজধানীর কমলাপুরে মাত্র দুই দিনের ব্যবধানে আরেক শিশুর দেহে বার্ড ফ্লুর জন্য দায়ী এইচ৫এন১ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কমলাপুরে মাত্র দুই দিনের ব্যবধানে আরেক শিশুর দেহে বার্ড ফ্লুর জন্য দায়ী এইচ৫এন১ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২ বছর ৭ মাস বয়সী একটি ছেলের দেহে এ সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছি আমরা।" এর আগে গত সোমবার একই এলাকায় ১৩ মাস বয়সী একটি মেয়ের দেহে এ ভাইরাস পাওয়া যায়। মাহমুদুর রহমান জানান, ছেলেটির স্লেষ্মা ও রক্ত পরীক্ষা করে এইচ৫এন১ ভাইরাস সংক্রমণের বিষয়টি বুধবার নিশ্চিত হয়েছেন তারা। জ্বর আর সর্দি-কাশি নিয়ে কমলাপুরে আইডিসিআর ও আইসিডিডিআরবির যৌথ সার্ভিলেন্স সাইটে এসেছিল সে। এ নিয়ে দেশে মানব দেহে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের মোট তিনটি ঘটনা সনাক্ত হলো। ২০০৮ সালে রাজধানীর কমলাপুরেই ১৬ মাস বয়েসী একটি শিশু এ ভাইরাসে আক্রান্ত হয়। সে সুস্থ হয়ে ওঠার পর ওই বছর ২২ মে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি প্রকাশ করে। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, "বাংলাদেশে এ পর্যন্ত যে তিনটি সংক্রমণের খবর জানা গেছে, সেগুলোতে মাত্রা ছিল খুবই সামান্য। আক্রান্তদের মধ্যে বার্ড ফ্লুর যেসব উপসর্গ দেখা গেছে তাও খুব মারাত্মক ছিল না। কাজেই এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।" বিশ্বে ১৯৯৭ সালে সর্বপ্রথম মানবদেহে এইচ৫এন১ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত ১৪ মার্চ প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০০৩ থেকে এ পর্যন্ত ১৫টি দেশে মানব দেহে এইচ৫এন১ সংক্রমণের ৫৩২টি ঘটনা ধরা পড়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩১৫ জনের। সংক্রমণ ও প্রাণহানির ঘটনা সবচে বেশি ঘটেছে ইন্দোনেশিয়ায়। সেখানে সংক্রমিত ১৭৪ জনের মধ্যে ১৪৪ জনই মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয়ের ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞ ডা. এএসএম আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেসব এলাকায় পোল্ট্রি খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর সংক্রমণ হয়েছে, সেইসব এলাকার মুরগি যাতে বাজারে না যায়, তা নিশ্চিত করতে হবে। সবাইকে মুরগি ভালভাবে রান্না করে খাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, "এমনকি বিনা প্রয়োজনে কাক ও কবুতরের সংস্পর্শে আসার বিষয়টিও এড়িয়ে চলা উচিত। কারণ ২০০৮ সালে ঢাকা ও চট্টগ্রামে অনেক কাক মারা যায়। সে সময় গবেষণাগারে পরীক্ষা করে কাকের শরীরে এইচ৫এন১ ভাইরাসের উপস্থিতি মেলে।" আইইডিসিআরের কর্মকর্তারা বলছেন, কোনো রোগীর শ্বাসতন্ত্রে বড় ধরনের সমস্যা দেখা দিলেই খোঁজ নিতে হবে, ওই রোগী অসুস্থ মুরগির সংস্পর্শে এসেছিলো কি না। কারণ মুরগি থেকেই মানব দেহে এ বার্ড ফ্লু ছড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/১৯৩১ ঘ.