২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লিনিকে নবজাতকের মৃত্যু

নেত্রকোনায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

নেত্রকোনা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার সকালে 'নেত্রকোনা নার্সিং হোম' নামের ওই হাসপাতালে শিশুটি মারা যায়। ওই ঘটনায় ডা. আবদুল হালিম, হাসপাতাল র্কতৃপক্ষ ও ব্যবস্থাপককে আসামি করে থানায় মামলা হয়েছে। নেত্রকোনার সিভিল সার্জন ডা. সাহিদ উদ্দিন আহমেদ স্বপন, ডেপুটি সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার, ডা. মতিউর রহমান, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. বাবুল সরকার ও ডা. পলাশ মজুমদারের স্ত্রীরা 'নেত্রকোনা নার্সিং হোম'র মালিক। এলাকাবাসী জানায়, সদর উপজেলার ফচিকা কর্মপাড়া গ্রামের সুজন কর্মকারের স্ত্রী নমিতা কর্মকারকে (২০) শুক্রবার সকালে নেত্রকোনা নার্সিং হোমে ভর্তি করা হয়। দুপুরে ডা. আবদুল হালিমের তত্ত্ববধানে অস্ত্রোপচারের পর নমিতার এক ছেলে হয়। সন্ধ্যায় শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। কিন্তু ওই সময় ক্লিনিকে কোনো চিকিৎসক ও নার্স না থাকায় শিশুটিকে অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি। নার্সিং হোমের ব্যবস্থাপক সুনীল চন্দ্রকে একাধিকবার রোগীর স্বজনরা বিষয়টি জানালেও রাতে কোনো চিকিৎসক আসেননি। শনিবার ভোরে নার্সিং হোম থেকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। নেত্রকোনা থানার ওসি মো. আবদুল করিম বলেন, নমিতার চাচা বিপ্লব চন্দ্র সরকার থানায় একটি মামলা করেছেন। তদন্ত চলছে। ডেপুটি সিভিল সার্জন বিজন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সবাই সরকারি চাকরি করি। তাই আমাদের স্ত্রীদের পরিচালক করে 'নেত্রকোনা নার্সিং হোম' পরিচালনা করা হচ্ছে।" তিনি বলেন, কোনো রোগীর মৃত্যুই চিকিৎসকের কাম্য নয়। ওই শিশুটি বিষম খেয়ে শ্বাসকষ্ট দেখা দিলে নার্স অক্সিজেন দেয়। অবস্থার উন্নতি না হলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৪২ ঘ.