ময়মনসিংহ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল কলেজের ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে স্থানীয় এক দল যুবকের সঙ্গে সংঘর্ষের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিস চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত রয়েছে।
ধর্মঘটের তৃতীয় দিন রোববার কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি মানববন্ধনও করে।
মানববন্ধনের পর শিক্ষানবিস চিকিৎসকরা কলেজ সংলগ্ন সড়কে মিছিল বের করে।
ধর্মঘট শুরুর দুদিন হাসপাতালের বহির্বিভাগেও তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। তবে রোববার বহির্বিভাগে কাজ হয়েছে।
এ বিষয়ে আন্দোলনকারী চিকিৎসক তৌফিক উল আলম এবং আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ও মানবিক দিক বিবেচনায় হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্র্বিভাগ খুলে দেওয়া হয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
চিকিৎসকদের দাবি হচ্ছে- বৃহস্পতিবার তাদের ওপর 'হামলাকারী' তিন কর্মচারীকে বরখাস্ত এবং কলেজ শিক্ষার্থী ও হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. জয়নালকে সাময়িক বরখাস্ত করেছে। কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে জন্য লাল মিয়া ও নারায়ন নামে দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ডক্টরস ক্লাবের ক্যাণ্টিনের সামনে তিন যুবক কলেজের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে। এ নিয়ে শিক্ষানবিস চিকিৎসকসহ ছাত্রদের সঙ্গে স্থানীয় এক দল যুবকের সংঘর্ষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪০ ঘ.
bdnews24