২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যবিধি মানতে সচেতন করুন: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সবাইকে সচেতন করে তুলতে চিকিৎসকদের প্রতি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সবাইকে সচেতন করে তুলতে চিকিৎসকদের প্রতি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সোনারগাঁও হোটেলে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। প্রধানমন্ত্রী মনে করেন, স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে হৃদরোগের মতো রোগ এড়িয়ে চলা সম্ভব। আর এর ফলে চিকিৎসার জন্য সরকারের ওপর ব্যয়ের চাপও কমবে। হৃদরোগের চিকিৎসায় ব্যয় কমানোর পাশাপাশি রোগ নিরূপণ নির্ভুল করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও জোর দেন শেখ হাসিনা। হৃদরোগ বিষয়ক চতুর্থ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, যার আয়োজক ছিলো ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল। তিনি অনুষ্ঠানস্থল সোনারগাঁও হোটেলে আসার সঙ্গে সঙ্গে ল্যাবএইড হাসপাতালে থেকে এক দল বিদেশি বিশেষজ্ঞের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতের ওই চিকিৎসকরা শেখ হাসিনাকে স্বাগত জানান। বিদেশি চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের মাধ্যমে আমাদের চিকিৎসকরাও উপকৃত হবে। তারা অনেক কিছু জানতে পারবে। পারস্পরিক এই সহযোগিতায় উপকৃত হবে রোগীরাও।” বেসরকারি টেলিভিশন চ্যানেল আই উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল থেকে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের প্রক্রিয়া সরাসরি স¤প্রচার করে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনই দেশে হৃদরোগীর সংখ্যা বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ রোগে এখন অনেকেই আক্রান্ত হয়। “প্রতি পরিবারেই আপনি হৃদরোগী পাবেন।” পুরো দক্ষিণ এশিয়ায় হৃদরোগ একটি ‘বড় সমস্যা’ হিসেবে দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে সারা বিশ্বে হৃদরোগে ১ কোটি ৮৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা মোট মৃতের সংখ্যার ৩৫ শতাংশ। তিনি বলেন, “এসব মৃত্যুর অর্ধেকের বেশি উন্নয়নশীল দেশগুলোতে হয়েছে।” এ রোগ সম্পর্কে ‘প্রতিরোধের চেয়ে প্রতিকারই শ্রেয়’-এ কথাকে সামনে নিয়ে সামাজিক সচেতনতার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবায় হৃদরোগ প্রতিরোধের বিষয়গুলো অন্তর্ভুক্তির জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে বিশেষায়িত স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য করতে এ খাতে বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ১৯৯৬-০১ মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে স্বাস্থ্য খাতে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সে সময় তারা চিকিৎসা সরঞ্জাম আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়, যা মানসম্পন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠার পথ সহজ করে দেয়। হৃদরোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “এর জন্য আধুনিক ওষুধ ও সরঞ্জাম প্রয়োজন। পাশাপাশি সবাইকে এ রোগ সম্পর্কে জানাশোনা থাকতে হবে।” চিকিৎসা সেবাকে পুরোপুরি বাণিজ্যিক দৃষ্টিতে না দেখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যাদের বিশেষায়িত সেবা নেওয়ার সামর্থ্য নেই তারা যেন এ সেবা থেকে বঞ্চিত না হয়।” এ সময় সপ্তাহে অন্তত একদিন নিজ গ্রামবাসীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এমআই/২৩২০ ঘ.