২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের রজত জয়ন্তী শুরু

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের দুইদিনব্যাপী রজত জয়ন্তী শনিবার শুরু হয়েছে। সকালে নগরীর পাহাড়তলীতে অবস্থিত হাসপাতাল মিলনায়তনে দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 12:05 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের দুইদিনব্যাপী রজত জয়ন্তী শনিবার শুরু হয়েছে। সকালে নগরীর পাহাড়তলীতে অবস্থিত হাসপাতাল মিলনায়তনে দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা ড. হোসেন জিল্লুর বলেন, " এ নগরীতে বিশ্বমানের বন্দর যেমন রয়েছে তেমনি আছে বিশ্বমানের একটি চক্ষু হাসপাতাল। চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।" ২৫ বছর ধরে এ হাসপাতালের নিরলস চিকিৎসাসেবা দেওয়ার উল্লেখ করে তিনি রাজনীতিবিদদেরও গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে 'জনসেবার সংস্কৃতি' চালু করার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও দুইদিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে 'সাসটেইনেবল টিস্যু ইন আই কেয়ার' এবং 'পেডিয়াট্রিক অপথালমোলজি' শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। দেশি বিদেশি নামি চক্ষু বিশেষজ্ঞরা এতে অংশ নেন। হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জার্মানীর দাতা সংস্থা আন্দেরী হিলফীর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রোজী গোলম্যান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ড. পারেরা জাসেগামা, অধ্যাপক এফ এ বিলসন, অধ্যাপক এম এন আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ট্রাস্টি ডা. রবিউল হোসেন। ২৫ বছর আগে ১৯৭৩ সালে মাত্র ৩৬ শ' টাকা মূলধন নিয়ে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের একটি ধার করা কক্ষে এর কার্যক্রম শুরু হয়েছিল। পাহাড়তলীতে বর্তমান হাসপাতালের কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সালে। গত ২৫ বছরে ৫০ লাখ রোগীকে চোখের চিকিৎসা দেখা হয়েছে এ চক্ষু হাসপাতালে। এর মধ্যে তিন লাখ রোগীর চোখে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে ১০০ শয্যার এ হাসপাতালে প্রতি বছর তিন লাখের বেশি রোগীকে বহিঃর্বিভাগে চিকিৎসা সেবা এবং ১৬ হাজারের বেশি রোগীর চোখে অস্ত্রোপচার করা হয়ে থাকে। জার্মানীর আন্দেরী হিলফী হাসপাতাল অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তিখাতে সার্বিক সহযোগিতা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৭৫০ঘ.