২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপচেপড়া রোগী নিয়ে লড়ছে কলেরা হাসপাতাল

ঘড়ির কাটা তখন দুপুর ২টার ঘর ছুঁই ছুঁই। হাড় জিরজিরে ছেলেকে নিয়ে বাবা আবুল হোসেন হুড়োহুড়ি করে নামলেন সিএনজি থেকে। ভাড়া মোটানোর ফাঁকেই কর্মচারীরা ছেলেটিকে নিয়ে এসে শুইয়ে দিলেন বিছানায়। চিকিৎসক তাহমিদ এক নজর দেখেই বুঝলেন ছেলেটির অবস্থা ভালো নয়। স্যালাইন দেওয়ার জন্য সুঁই ঢোকাতে হবে। কিন্তু শিরা বোঝা যাচ্ছে না। কয়েকজন নার্স মিলে বেশ কয়েকবার চেষ্টার পর শিরায় সুঁই ঢোকাতে পারলেন। এরই মধ্যে আরেক মুমুর্ষু বুড়োকে নিয়ে এল আত্মীয় স্বজন। তাকে স্যালাইন দেওয়ার কাজ সেরে আবার ছেলেটির কাছে ফিরলেন চিকিৎসক তাহমিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 02:24 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘড়ির কাটা তখন দুপুর ২টার ঘর ছুঁই ছুঁই। হাড় জিরজিরে ছেলেকে নিয়ে বাবা আবুল হোসেন হুড়োহুড়ি করে নামলেন সিএনজি থেকে। ভাড়া মোটানোর ফাঁকেই কর্মচারীরা ছেলেটিকে নিয়ে এসে শুইয়ে দিলেন বিছানায়। চিকিৎসক তাহমিদ এক নজর দেখেই বুঝলেন ছেলেটির অবস্থা ভালো নয়। স্যালাইন দেওয়ার জন্য সুঁই ঢোকাতে হবে। কিন্তু শিরা বোঝা যাচ্ছে না। কয়েকজন নার্স মিলে বেশ কয়েকবার চেষ্টার পর শিরায় সুঁই ঢোকাতে পারলেন। এরই মধ্যে আরেক মুমুর্ষু বুড়োকে নিয়ে এল আত্মীয় স্বজন। তাকে স্যালাইন দেওয়ার কাজ সেরে আবার ছেলেটির কাছে ফিরলেন চিকিৎসক তাহমিদ। নার্সকে বললেন, কয়েক মিনিটের মধ্যে বমি করবে। প্রায় সঙ্গে সঙ্গেই কাজ হলো। চিকিৎসক আবুল হোসেনকে জানালেন, বিপদ কেটে গেছে, আর কোনো ভয় নেই। স্বস্তির নিঃশ্বাস ফেললেন আবুল হোসেন। এভাবেই গত কয়েকদিন ধরে দিনরাত ডায়রিয়া আক্রান্ত রোগীদের সেবা চলছে মহাখালীর কলেরা হাসপাতালে। এ হাসপাতালে একদিনে সবচেয়ে বেশি রোগী ভর্তির মাত্র কয়েকদিন আগের রেকর্ড ভেঙে গেছে মঙ্গলবার। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত সেখানে এসেছেন এক হাজার ৪৫ জন রোগী। এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার সর্বোচ্চ একহাজার রোগী ভর্তি হয় সেখানে। সারাদেশে ডায়রিয়া পরিস্থিতি বুধবারও প্রায় অপরিবর্তিত আছে। পাশাপাশি ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে চর্মরোগ, শ্বাসকষ্ট, চোখের প্রদাহসহ বেশ কয়েকটি রোগ। অস্বাভাবিকভাবে বেড়ে গেছে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা। সবমিলিয়ে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা বুধবার পর্যন্ত ৪৮১ জন। কয়েকদিনের মতো মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআর,বি) রোগীর উপচেপড়া ভিড় দেখা গেছে বুধবারও। এদের মধ্যে এখন শিশুদের সংখ্যা তুলনামূলক বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। আইসিডিডিআর,বি চত্বরে বাংলাদেশ স্কাউটস ৮০ শয্যার একটি ফিল্ড হাসপাতাল চালু করে তিন শিফটে ডায়রিয়া আক্রান্তদের সেবা দিচ্ছেন। কলেরা হাসপাতালে রোগীদের জন্য ৩০ টাকা ফি এক সপ্তাহ ধরে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে প্যাকেট রাইস স্যালাইনের দাম এক টাকা কমিয়ে বিক্রি করছে হাসপাতালের কর্মচারী বহুমুখী সমবায় সমিতি। সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা জানান, বন্যার কথা বিবেচনা করে তার লাভ ছাড়াই এই স্যালাইন বিক্রি করছেন। রাজধানীতে ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য সব সরকারি হাসপাতাল ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে হজ ক্যাম্পে বিশেষ চিকিৎসা কেন্দ্র খোলা হলেও মহাখালী কলেরা হাসপাতালে রোগীর চাপ কমানো যাচ্ছে না। হাজী ক্যাম্পের ডায়রিয়া চিকিৎসা কেন্দ্রে বুধবার বুধবার বিকেল ৫টায় ২৭ জন চিকিৎসাধীন ছিল। এছাড়া শিশু হাসপাতালে ৩৩ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন ও মিটফোর্ড হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন আছে। এ অবস্থায় কলেরা হাসপাতালে তাবু খাটিয়ে আসন বাড়ানো হয়েছে। সবমিলিয়ে সেখানে এখন ডায়রিয়া রোগীদের জন্য আসন আছে ১১শ। রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ মোটামুটি সুস্থ রোগীদের ছেড়ে দিচ্ছেন। হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী ও একজন চিকিৎসক জানান, আগে ৭৫ ভাগ সুস্থ না হলে রোগীদের যেতে দেওয়া হতো না। এখন ৫০ ভাগ সুস্থ রোগীদের স্যালাইন কিনে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের যেখানে একটু জায়গা ছিল সেখানেই এখন বিছানা পাতা। ভেতরে রোগীদের নাম লিপিবদ্ধ করার জায়গায়ও বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাবুর নিচে বিছানাগুলোর দূরত্ব কমিয়ে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে বিছানায় রোগীকে শোয়ানোর পর স্যালাইন এনে লাগিয়ে দেওয়া হতো, সেখানে এখন আগে থেকেই বিছানার স্ট্যান্ড স্যালাইন ঝুলিয়ে রাখা হয়। স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী গত ৩০ জুলাই থেকে এ পর্যন্ত ১৭ দিনে বন্যাজনিত কারণে ৩৯ টি জেলায় ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আট জন মারা গেছেন। বুধবার দুপুর পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। এরমধ্যে ৩৩ জনই পানিতে ডুবে মারা গেছে। বাকিদের মধ্যে তিনজন সাপের কামড়ে এবং দু'জন শ্বাসকষ্টজনিত রোগে মারা যায়। নিয়ন্ত্রণ কক্ষ জানায়, মঙ্গলবার দুপুর ১টা থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে তিন হাজার ৫৩৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল তিন হাজার ৯৬২ জন। মঙ্গলবার ঢাকা বিভাগে দু'হাজার ৫৫১ জন আক্রান্ত হলেও বুধবার এ সংখ্যা প্রায় হাজার খানেক কমেছে। চট্টগ্রাম বিভাগে মঙ্গলবার ৩৪৯ জন আক্রান্ত হয়েছিল, বুধবার তা বেড়ে ৪৪১ হয়। রাজশাহী বিভাগেও আক্রান্তের সংখ্যা আটশ' ছাড়িয়ে গেছে। সিলেটে আক্রান্তের সংখ্যা ২১২। বুধবার ডায়রিয়ায় কেউ মারা যায়নি। ৩০ জুলাই থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ১৭ দিনের বন্যায় সারাদেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৮৪২ জন। এর মধ্যে মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত আইসিডিডিআর,বি চিকিৎসা দিয়েছে ১১ হাজার ২৯৭ জনকে। তবে সরকারি গণনায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সংখ্যা হিসাবে আনা হয়নি। স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে থাকা ড. রায়হান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডায়রিয়ার পাশাপাশি আরও কয়েকটি রোগের প্রকোপ দেখা দিয়েছে। এসব রোগের মধ্যে শ্বাসকষ্টজনিত রোগে বুধবার চিকিৎসাধীন আছেন এক হাজার ৩০৯ জন, চর্মরোগে এক হাজার ৩৫৮ জন এবং চোখের প্রদাহে ২৭০ জন। আইসিডিডিআর,বির পুষ্টি বিভাগের প্রধান তাহমিদ আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোগীর চাপ এবার অন্য বছরের তুলনায় বেশি। তবে প্রতিবছরই বন্যার পর ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এবার একটু বেশি হলেও কয়েকদিনের মধ্যে কমে যাবে। এতে ভয়ের কিছু নেই।" ডায়রিয়া আক্রান্ত রোগীকে পর্যাপ্ত স্যালাইন ও তরল খাওয়ানোর পাশাপাশি মানুষকে আরেকটু সচেতন করতে পারলে মৃত্যু এড়ানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন। এদিকে, স্বাস্থ্য উপদেষ্টা এ এস এম মতিউর রহমান আবারো বলেছেন, ডায়রিয়া আতঙ্কিত হওয়ার মতো কোনো রোগ নয়। বন্যাজনিত স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। বন্যার্তদের জন্য বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির দেওয়া এক কোটি টাকার ওষুধ গ্রহণ অনুষ্ঠানে বুধবার উপদেষ্টা এসব কথা বলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএনডি/এমএইচবি/২০১৮ ঘ.