এইচআইভি প্রতিরোধে পুরুষদের খতনা করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ
খতনাকে এইচআইভি প্রতিরোধের একটি উপায় হিসাবে বুধবার অনুমোদন দিয়েছে জাতিসংঘ। এইচআইভি আক্রান্ত লোকদের উপর বিষমগামী লোকদের খতনার প্রভাব নিয়ে দীর্ঘদিন থেকেই গবেষণা চালাচ্ছিলেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তারা বলেছেন, বিশেষত আফ্রিকার মতো দেশ যেখানে এইচআইভি একটি বড় সমস্যা সেখানে খতনা এইচআইভি প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখতে পারে।
জাতিসংঘের দুটি প্রতিষ্ঠান ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউএনএইডস এর গবেষনায় তারা দেখিয়েছেন, পুরুষদের জননেন্দ্রিয়ের অগ্রভাগের চামড়ার আর্দ্র ও স্যাতস্যাতে পরিবেশে এইচআইভি ভাইরাস বেশ ভালোভাবেই বাসা বাধে। তা কেটে ফেলা হলে এইচআইভি আক্রান্ত মহিলার সঙ্গে মিলিত হলেও পুরুষের এইডস হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায়।
“খতনা করার এই অনুমোদন এইচআইভি প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।” বিষয়টিকে এভাবেই বর্ণনা করলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এইচআইভি/এইডস প্রোগ্রামের পরিচালক কেভিন ডি কক।
তবে এইচআইভি আক্রান্ত খতনা করা পুরুষের সঙ্গে কোন মহিলার যৌনমিলনে মহিলার এইচআইভি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে কিনা সে সম্পর্কে কোন প্রমান এ পর্যন্ত মিলেনি। তবে খতনা করার ফলে এইচআইভি আক্রান্ত পুরুষের সংখ্যা যদি দিন দিন কমতে থাকে তবে তা অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে মহিলাদের উপরও।
জাতিসংঘের পক্ষ থেকে পুরুষদের খতনা করার পাশাপাশি নিরোধক ব্যবহার এবং অন্যান্য সাবধানতা মেনে যৌনজীবন চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
