ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সরকার পরিচালিত দেশের একমাত্র কিডনি রোগের বিশেষায়িত হাসপাতাল 'ফ্রি' চিকিৎসা সুবিধা দিতে ব্যর্থ হওয়ায় গরীব রোগীরা 'ডায়ালাইসিসের' জন্য দামী চিকিৎসা উপকরণ কিনতে বাধ্য হচ্ছেন অথবা চিকিৎসা করাতে পারছেন না।
ন্যশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (এনআইকেডিইউ) - তে চিকিৎসা নিতে আসা গরীব চিকিৎসকদের ডায়ালাইসিসের জন্য হাসপাতাল থেকে উপকরণ দেওয়ার কথা থাকলেও রোগীরা নিজেদের টাকায় দামি এসব উপকরণ কিনতে বাধ্য হচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন নাইমুল হক।
কিডনি রোগে আক্রান্ত রোগীদের কিডনি নষ্ট হয়ে যাবার শেষ পর্যায়ে চিকিৎসকরা ডায়ালাইসিস করে রোগীদের বাঁচানোর চেষ্টা করেন। কিডনি নষ্ট হয়ে যাওয়া রোগীদের নিয়মিত ডায়ালাইসিস বা হেমোডায়ালাইসিস করতে হয়।
এসব রোগীদের জন্য হেমোডায়ালাইসিস একমাত্র বাঁচার উপায়। এই ডায়ালাইসিস প্রক্রিয়াতে, ডায়ালাইসারের (ডায়ালাইসিসের একটি অপরিহার্য উপকরণ) মাধ্যমে রক্ত থেকে বিভিন্ন বর্জ্য আলাদা করে এভি লাইন (এক ধরনের প্লাস্টিকের টিউব) এর সাহায্যে নিষ্কাশন করা হয়।
দেশের ৬০ ভাগ কিডনি নষ্ট হয়ে যাওয়া রোগী এই ডায়ালাইসিস প্রক্রিয়ায় বেঁচে থাকে। অত্যন্ত ব্যয় সাপেক্ষ ডায়ালাইসিসের এই উপকরণগুলো এনআইকেডিইউ-তে বিনামূল্যে পাওয়া যাওয়ায় এখানে অপেক্ষমান রোগীর তালিকা অনেক দীর্ঘ।
যেসব গরীব রোগী ডায়ালাইসিসের উপকরণ কিনতে পারেন না তারা চিকিৎসাহীন থাকতে বাধ্য হন অথবা মারা যান।
নারায়ণগঞ্জের হোসনে আরা (৬০) সপ্তাহে দুইবার ন্যশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে চিকিৎসা নিতে আসেন। তার মেয়ে সাথি বলেন, "যতবারই হাসপাতালে আসি আমাদের ডায়ালাইসার ও এভি লাইন সেট কিনতে হয়। প্রতি সেটের দাম প্রায় এক হাজার টাকা। মায়ের চিকিৎসা চালাতে আমাদের জমি জমা বিক্রি করে দিতে হয়েছে।"
এখানে চিকিৎসা নিতে আসা অন্য এক রোগী নাজমা বেগমও (৬৭) ডায়ালাইসিস উপকরণ কিনতে বাধ্য হন। নাজমার মেয়ে ইয়াসমিন বলেন, "প্রতিবার ডায়ালাইসিসের এসব দামী জিনিস কেনাটা আমাদের জন্য কঠিন হয়ে উঠছে। আমরা জানতাম, হাসপাতাল থেকে এসব উপকরণ বিনামূল্যে দেওয়া হয়। কিন্তু তিন মাস আগে নাম লেখাতে এসে জানতে পারলাম ডায়ালাইসার ও এভি লাইন সেটের কোনো সরবরাহ নেই।"
ইন্সটিটিউটের সহকারি রেজিস্ট্রার ডা. এহসান ইবনে জিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা দৈনিক গড়ে ২০ থেকে ২৫ জন কিডনি নষ্ট হয়ে যাওয়া রোগী পেয়ে থাকি। এছাড়া, একমাত্র সরকারি বিশেষায়িত কিডনি হাসপাতাল হওয়ায় দেশের বিভিন্ন জায়গা থেকে জরুরি রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমাদের কাছে পাঠানো হয়।"
তিনি বলেন, "রোগী ভর্তি ও ডায়ালাইসিসের জন্য আমাদের প্রায়ই ভীষণ চাপে থাকতে হয়। অনেক সময় পরিস্থিতি আমাদের আয়ত্বের বাইরে চলে যায় যদিও আমরা সর্বোচ্চ চেষ্টা করি।"
ডায়ালাইসিসের উপকরণের ব্যাপারে গরীব রোগীদের দুরাবস্থার কথা জানিয়ে ইন্সটিটিউটের পরিচালক ডা. শামিম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ইন্সটিটিউট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে এব্যাপারে চিঠি আদান-প্রদানের কথা উল্লেখ করেন। চিকিৎসা উপকরণের জন্য মন্ত্রণালয় ৪৯ লাখ টাকা বরাদ্দ করলেও ২০০৬-০৭ অর্থবছরের সময়সীমা জুন মাসে পেরিয়ে যাওয়ায় বরাদ্দ করা টাকা ফেরত দিয়ে আবার নতুন করে আবেদন করতে হয়েছে।
এবছরের ১৩ জুন বরাদ্দ করা টাকা পায় ইন্সটিটিউট এবং ২৬ জুন মন্ত্রণালয় টাকা ফিরিয়ে নেয়।
ডা. শামিম বলেন, "জরুরি ভিত্তিতে চিকিৎসা উপকরণ কেনার জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে তহবিল চেয়ে আবেদন করেছি। আশা করছি মন্ত্রণালয় দ্রুত টাকা ছাড় করবে এবং গরীব রোগীদের দুর্দশার অবসান হবে।"
রোগীদের জন্য ৫০০টি ডায়ালাইসার, ৫০০টি এভি সেট ও ৫০০টি ফিস্টুলা নিডল কেনার জন্য অর্থ চেয়েছে ইন্সটিটিউট। যদিও গরীব রোগীদের চিকিৎসার জন্য এই তহবিল পর্যাপ্ত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/টিএইচ/এমএ/১৪৫০ঘ.
bdnews24