২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের টিকাদানে যুক্ত হল ব্র্যাক

রোহিঙ্গা শরণার্থী শিবিরে সরকারের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে ব্র্যাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2021, 11:37 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

মঙ্গলবার থেকে শুরু হওয়া কর্মসূচিতে’কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ফর রোহিঙ্গা কমিউনিটি’ শিরোনামে ক্যাম্পেইন আয়োজন করেছে সংস্থাটি।

ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির (এইচসিএমপি) আওতায় এই ক্যাম্পেইন আয়োজনের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রথম দফায় ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা প্রদানের পরিকল্পনা নিয়ে মঙ্গলবার থেকে কার্যক্রম শুরু করেছে সরকার।

এই দিন কক্সবাজারের উখিয়াতে অবস্থিত ক্যাম্প ১ ইস্ট, ৮ ইস্ট ও ১৩ নম্বরে ব্র্যাকের প্রশিক্ষিত নার্সগণ রোহিঙ্গাদের টিকা দেয়।

আগামী ১৮ অগাস্ট  আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ব্র্যাকের উদ্যোগে প্রতিদিন তিনটি ক্যাম্পে মোট ৪৫০ জনকে টিকা প্রদানের লক্ষ্য ঠিক করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, আপাতত ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী ব্যক্তিদেরকে টিকা দেওয়া হবে। মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় নেওয়ার পর সরকারের পক্ষ থেকে যাদের ‘পরিবার পরিচিতি নম্বর’ রয়েছে তারা এই টিকা দিতে পারবেন।

রোহিঙ্গাদের মধ্যে টিকা নিতে আসা ব্যক্তিদের এই সম্পর্কিত তথ্য ও নির্দেশনা দিয়ে সহায়তা করবেন ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মী ও স্বেচ্ছাসেবকরা।

ক্যাম্প-১ ইস্টে অবস্থিত ব্র্যাক প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে টিকা নিতে আসা রোহিঙ্গা নারী মরিয়ম খাতুনকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এখানে সুশৃঙ্খল পরিবেশে কোন ঝামেলা ছাড়াই টিকা প্রদান করতে পেরে আমি খুবই খুশি। আমি অন্যদেরকেও এই ব্যাপারে উৎসাহিত করব।”

এই প্রসঙ্গে ব্র্যাক এইচসিএমপি এর অঞ্চল পরিচালক হাসিনা আখতার হক বলেন, কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবেলায় ব্র্যাক শুরু থেকেই সরকারের পাশে ছিল। যা এখনও অব্যাহত আছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ সরকারের টিকাদান কার্যক্রমকে জোরদার করতে ব্র্যাক এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, “স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি রোহিঙ্গাদের টিকাদানের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”