কিউবা ভ্রমণে যুক্তরাষ্ট্রের জিকা সতর্কতা জারি
কিউবা ভ্রমণের উপর সতর্কতা জারি করেছে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কিউবা সফরের একদিন আগে শনিবার এ সতর্কতা জারি করে সিডিসি।
ঐতিহাসিক সফরে রোববার বিকালে কিউবার রাজাধানী হাভানায় পৌঁছানোর কথা ওবামার। সেখানে দুইদিন অবস্থান করবেন তিনি।
৮৮ বছর পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট কিউবা সফরে যাচ্ছেন।
সিডিসি-র ওই সতর্কতা ভ্রমণের উপর জারি করা তিন মাত্রার সতর্কতার মধ্যে দ্বিতীয় মাত্রায় পড়েছে। তৃতীয় মাত্রার সতর্কতা জারি করা হলে সব ধরনের অ-জরুরি ভ্রমণ পরিহার করার কথা বলা হয়।
সিডিসি-র এই সতর্কতা জারির মাত্র চারদিন আগে কিউবায় প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে, যিনি দেশের ভেতরেই এ ভাইরাস আক্রান্ত হয়েছেন।
এর আগে ব্রাজিল ও ভেনিজুয়েলা সফর থেকে ফেরা কিউবার পাঁচ নাগরিকের শরীরে জিকা ভাইরাস সনাক্ত হয়।
এডিস এজিপ্টি মশাবাহী জিকা ভাইরাসের সঙ্গে মাতৃগর্ভে শিশুদের মস্তিষ্ক গঠনে গুরুতর সমস্যা (চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যা মাইক্রোসেফালি নামে পরিচিত) হওয়ার সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিডিসি যুক্তরাষ্ট্রের গর্ভবতী নারীদের কিউবা ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
অন্যান্য ভ্রমণকারীদেরও কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করে সিডিসি। যেমন: লম্বা হাতের পোশাক পরা অথবা পোকা-মাকড় তাড়ানোর ঔষধ ব্যবহার করা যাতে মশা না কামড়াতে পারে।
এছাড়া, যৌন মিলনে পুরুষের শরীর থেকে জিকা সংক্রমণের সম্ভাবনা থাকায় যৌন মিলনের সময় কনডম ব্যবহার করা বা যৌন মিলন থেকে বিরত থাকার পরমর্শও দিয়েছে যুক্তরাষ্ট্রের গণস্বাস্থ্য সংস্থাটি।
