জাপানে জিকায় আক্রান্ত যুবক!
জাপানে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাংবাদিক সম্মলেনে এ তথ্য জানিয়েছেন।
মশাবাহিত এ রোগটি সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর জাপান তাদের নাগরিকদের চিকিৎসায় জিকা ভাইরাস পরীক্ষা করছিল, এরই অংশ হিসেবে কানাগাওয়া প্রদেশের এক যুবকের দেহে এ ভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওই যুবক গত শনিবার ব্রাজিল থেকে দেশে ফিরেছে। এরপর যুবকটি জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তার প্যাথলজি পরীক্ষা শেষে নিশ্চিত হন যে, সে জিকা ভাইরাসে আক্রান্ত।
ল্যাটিন আমেরিকা অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়লেও জাপানে সে সম্ভবনা ক্ষীণ বলেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি। কর্মকর্তারা বলছেন, শীতের সময় মশা সুপ্ত অবস্থায় থাকায় অনেকটা নিশ্চিত যে, জিকা ভাইরাস ব্যাপকতা পাচ্ছে না।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জিকা ভাইরাসের বিরুদ্ধে সর্তকতা জারি করে। এশিয়ার বিভিন্ন দেশ জিকা নিয়ে সতর্ক হলেও জাপানে এ ভাইরাস আক্রান্ত রোগীর মাধ্যমে জিকার পাদুর্ভাব দেখা যাচ্ছে।
জাপানে ২০১৩ সালে সর্বপ্রথম তিনজন রোগীর দেহে জিকা ভাইরাসের উপসর্গ দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে জিকা আক্রান্ত রোগী এটিই প্রথম।
জাপানে প্রাকৃতিকভাবে মশার উপদ্রব তেমন না থাকলেও জিকা সর্তকর্তা নিয়ে দেশজুড়ে প্রচার চালানো হয়েছে।
