জনস্বাস্থ্যে অবদানের সম্মাননা পেলেন ভেলেরি, হোসনে আরা
জনস্বাস্থ্যে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভেলেরি অ্যান টেইলর ও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম।
ভেলেরি টেইলর সম্মাননা পেয়েছেন ‘জনস্বাস্থ্য সেবায়’, আর হোসনে আরার সম্মাননা জনস্বাস্থ্য শিক্ষায়’।
স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ফাউন্ডেশন প্রবর্তিত এই সম্মাননার ক্রেস্ট মঙ্গলবার ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেন জাতীয় হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. আবদুল মালিক।
বাংলাদেশে পক্ষাঘাতগ্রস্থদের চিকিৎসায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সিআরপির প্রতিষ্ঠাতা ভেলেরি টেইলর জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক। ১৯৭৯ সালে ছোটো পরিসরে শুরু হওয়া প্রতিষ্ঠানটির অধীনে ঢাকা ও ঢাকার বাইরে বর্তমানে ১০টি চিকিৎসা কেন্দ্র রয়েছে।
ফিজিওথেরাপির মাধ্যমে পক্ষাঘাতগ্রস্থদের চিকিৎসায় অগ্রণী এই নারীকে ১৯৯৮ সালে নাগরিকত্ব দেয় তৎকালীন শেখ হাসিনা সরকার।
অন্যদিকে বগুড়ায় একদল ভিক্ষুক ও গৃহশ্রমিক নারীর হাতে ১৯৬৪ সালে শুরু হওয়া ঠেঙ্গামারা মহিলা সমিতিকে সারাদেশে ছড়িয়ে দিতে ভূমিকা রাখেন হোসনে আরা।
১৯৮০ সালে এর দায়িত্বগ্রহণের পর টিএমএসএস-কে এগিয়ে নিয়ে যান বর্তমানে প্রায় ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠনের এই চেয়ারপার্সন।
বর্তমানে টিএমএসএস’র শুধু সমিতিই রয়েছে এক লাখ ১২ হাজার, যার প্রতিটির সদস্য সংখ্যা ৩০ জন করে।
এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ, টিএমএসএস নার্সিং কলেজ ও টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে বেসরকারি এই সংস্থার।
সম্মাননা প্রাপ্ত এই দুই নারীর হাতে সম্মানান স্মারক তুলে দিতে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) সাসাকাওয়া মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে জনস্বাস্থ্য ফাউন্ডেশন।
অনুষ্ঠানে ভেলেরি টেইলর বলেন, “পক্ষাঘাতগ্রস্থদের চিকিৎসা ও তাদের পুনর্বাসনে নানাবিধ ভূমিকা আমরা রাখছি। কাজ করতে গিয়ে আমরা দেখেছি, এই মানুষগুলোর ঘাড় বা মেরুদণ্ড ভেঙে যেতে পারে, কিন্তু তাদের স্পিরিট দমে যায় না। তাদের সেই স্পিরিট ধরে রাখায় সহায়তা করা জরুরি।”
হোসনে আরা বেগম বলেন, "পড়াশোনা শেষে শিক্ষকতায় গেলেও মানুষদের জন্য কিছু করার আগ্রহ আমার মধ্যে ছিল। এ কারণে ভিক্ষুক ও গৃহশ্রমিকদের সেই উদ্যোগটিকে আমি সামনে এগিয়ে আনার কাজ করেছি।"
নিজের কার্যক্রমের বিস্তৃতির কথা তুলে ধরে তিনি বলেন, “স্বাস্থ্যসেবাসহ সব বিষয়ে তথ্য পৌঁছে দেওয়া এখন আমার জন্য সবচেয়ে সহজ কাজ। যে কোনো তথ্য মাত্র দুই সপ্তাহের মধ্যে এক লাখ ১২ হাজার সমিতির মাধ্যমে সারাদেশে পৌঁছে দিতে পারি।”
জনস্বাস্থ্য ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মুজাহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আইসিডিডিআরবি’র উপ-নির্বাহী পরিচালক ড. আব্বাস ভূঁইয়া, জনস্বাস্থ্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক শারমীন ইয়াসমিন, ফেইথ বাংলাদেশের নিলুফার আহমেদ করিম বক্তব্য দেন।
