ম্যাগি বিক্রি ফের শুরু হচ্ছে এমাসেই: নেসলে
এ মাসেই ম্যাগি নুডুলস আবার বাজারে বিক্রি শুরু হচ্ছে বলে জানিয়েছে উৎপাদক কোম্পানি নেসলে ইন্ডিয়া।
বুধবার নেসলের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, অগাস্টে বম্বে হাইকোর্টের নির্দিষ্ট করে দেওয়া তিনটি পরীক্ষাগারের পরীক্ষায়ই উত্তীর্ণ হয়েছে নতুন ম্যাগি নুডুলস। এর আগের পরীক্ষাগুলোতেও নিরাপত্তা মানের দিক থেকে উৎরে গেছে ম্যাগি।
সব ক’টি পরীক্ষার ফলেই বলা হয়েছে, ম্যাগিতে সীসার উপস্থিতি অনুমোদিত মাত্রার চেয়ে অনেক কম। তাই এই নুডুলস আবার বাজারে আনায় আর কোনো বাধা নেই।
এ বছরের শুরুর দিকে ম্যাগির কয়েকটি পরীক্ষায় বেশি মাত্রার সীসার উপস্থিতি পাওয়া যাওয়ার পর খাদ্য নিরাপত্তা ও মান নির্ণায়ক কর্তৃপক্ষ এফএসএসএআই- এর নির্দেশে বাজারে নিষিদ্ধ হয় ম্যাগি নুডুলসের বেচা-কেনা।
এর বিরুদ্ধে বম্বে হাইকোর্টের শরণাপন্ন হয় নেসলে। আদালত তিনটি পরীক্ষাগার নির্দিষ্ট করে দিয়েছিল। এগুলোতে ছাড়পত্র পেলে ম্যাগিকে আবার বাজারে আসার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছিল আদালত।
ফলে নির্দেশানুযায়ী, পুরোনো ম্যাগির সব প্যাকেট বাজার থেকে তুলে নিয়েছিল নেসলে কর্তৃপক্ষ।
এখন সবক’টি পরীক্ষাগারেরই ছাড়পত্র পাওয়ার কথা জানিয়ে নেসলে নভেম্বরেই বাজারে নতুন করে ম্যাগি বিক্রি শুরু করার ঘোষণা দিল।
