১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে এক দিনে ভর্তি রোগীর ৭৮ শতাংশই ঢাকার বাইরে

অক্টোবরের ১৬ দিনে প্রাণ গেল ১৯২ জনের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 07:14 PM

Updated : 16 Oct 2023, 07:14 PM

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ভর্তি হয়েছেন ২ হাজার ৪৭৫ জন রোগী। এর মধ্যে ১ হাজার ৯৩৬ জন বা ৭৮ দশমিক ২২ শতাংশই চিকিৎসা নিচ্ছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে; বাকি ৫৩৯ জন ভর্তি হয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে।

গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশজুড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় পাঁচজন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সাতজন। চলতি মাসের ১৬ দিনে মোট মৃত্যু হয়েছে ১৯২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৪২ হাজার ৮৯ জন। এর মধ্যে ঢাকার বাইরের রোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৪৫ জন এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ৯২ হাজার ৫৪৪ জন।

এ বছর এইডিস মশাবাহিত রোগটিতে মোট ১ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭৩৫ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ৪৪৬ জন ঢাকার বাইরে।

সোমবার সকাল ৮টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ১৪৯ জন রোগীর চিকিৎসা চলছিল। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩৯১ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে এ সংখ্যা ৫ হাজার ৭৫৮ জন।