২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: এক দিনে ভর্তি ২৭৮২ রোগী, মৃত্যু ১১ জনের

এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জনে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2024, 11:51 AM

Updated : 23 Apr 2024, 07:04 PM

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; এইডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে আরো ১১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ৯৫১ জন ঢাকার। এর দ্বিগুণ, ১৮৩১ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন জেলায়। একদিনে মৃত ১১ জনের মধ্যে ঢাকায় ৮ জন; আর ৩ জন ঢাকার বাইরের।

এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জনে। তাদের মধ্যে ৭৩ হাজার ৪৭৬ জন ঢাকার বাইরের, ৬২ হাজার ৪৪০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে ৪৭৬ জন ঢাকান এবং ঢাকার বাইরের ১৮১ জন।

হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে স্বাস্থ্য অধিদপ্তরের শঙ্কা।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ১৩২ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৪০৪৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৫০৮৩ জন।

এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। জুন মাসে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৫৪ জন, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন। আর সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে হাসপাতালে গেছে ১২ হাজার ১০৮ জন রোগী।

তার আগে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন ৫ হাজার ৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জুনে সারাদেশে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচদিনে ৬৪ জন মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।

তার আগে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে।

এ বছর এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)