Published : 23 Aug 2026, 07:19 PM
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর; যার মধ্যে ঢাকা বিভাগের দুজন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮৩৪ জনের মৃত্যু হল। এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ১৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪০ জন।
এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ৯৭ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে এক হাজার ২৬ জন।
এ সময়ে ভর্তি রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ৩৫৯ জন, রাজশাহীতে ২১, সিলেটে ১১৪, চট্টগ্রামে ২৬৬, বরিশালে ১২২, ময়মনসিংহে ৬৪, খুলনায় ৬১ ও রংপুর বিভাগে ১৯ জন।
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ৩০ হাজার ৬০৯ জন। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার ৯৭৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
অপরদিকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৯ হাজার ৫০৩ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪০৪।