২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: ভর্তি ২৫৬৪, মৃত্যু ১৬ জনের

সবমিলিয়ে এ বছর মারা গেছে ১ হাজার ৪৬ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 12:28 AM

Updated : 06 Oct 2023, 12:27 AM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৫৬৪ রোগী, মশাবাহিত এ রোগে প্রাণ গেছে আরো ১৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের নিয়ে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ২৪৭ জনে। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪৬ জনের।

বুধবার পর্যন্ত সারাদেশে যত রোগী ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকায় ৮৫ হাজার ৮৬০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১ লাখ ২৮ হাজার ৩৮৭ জন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ২৮৪ জন। তাদের মধ্যে ঢাকায় ২৯৪৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬৩৩৯ জন।

এ বছর বর্ষা মওসুমের আগেই শুরু হয়েছিল ডেঙ্গুর প্রকোপ। প্রতিটি মাস ধারাবাহিকভাবে আগের চেয়ে ভয়ঙ্কর রূপ পেয়েছে।

জুনে যেখানে ৫ হাজার ৯৫৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, জুলাইয়ে তা বেড়ে হয় ৪৩ হাজার ৮৭৬ জনে। এরপর অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বর সেই সংখ্যা ৭৯ হাজার ৫৯৮ জনে পৌঁছায়। অক্টোবরের প্রথম তিন দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১০ হাজার ৮৪১ জন রোগী।

জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে। এরপর জুলাইয়ে ২০৪ জন এবং অগাস্টে ৩৪২ জনের মৃত্যু হয়। আর সেপ্টেম্বরে ডেঙ্গুতে প্রাণ গেছে ৩৯৬ জনের। অক্টোবরের তিন দিনে আরও ৫৭ জনের মৃত্যু দেখেছে বাংলাদেশ।

এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ২০১৯ সালে সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার বছর সরকারি হিসাবে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/bdnews24/posts/pfbid02obdmyroih7dFpfY7Ktr2LhoirsM9BXZvuyTEMbpgewfjnqj2YtHD5GuwzSGEXSeJl