১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফারুকী এখন ‘বিপদমুক্ত’, প্রয়োজন বিশ্রামের

চিকিৎসক ফারুকীকে এই মুহুর্তে শঙ্কামুক্ত জানালেও তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

ফারুকী এখন ‘বিপদমুক্ত’, প্রয়োজন বিশ্রামের

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী চিকিৎসাধীন আছেন রাজধানীর একটি হাসপাতালে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 05:47 PM

Updated : 24 Jan 2024, 08:34 PM

মস্তিষ্কে রক্তক্ষরণের পর হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বিপদ কেটে গেছে।

বুধবার ফেইসবুকে ফারুকীর শারীরিক পরিস্থিতির বিস্তারিত জানিয়েছেন তা স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তিশা বলেছেন, চিকিৎসক ফারুকীকে এই মুহূর্তে শঙ্কামুক্ত জানালেও তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

অনেকেরই ফোন ধরা সম্ভব হয়নি বলে দুঃখ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যায়, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আল‌‌‌হামদুলিল্লাহ। কিছুদিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ।

“অনেকেই আমাকে ফোন এবং এসএমএস করেছেন। অনেকেরই ফোন ও এসএমএস এর উত্তর দিতে পারি নাই। তার জন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এতো দোয়া আর ভালোবাসার জন্য।”

সোমবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে ফারুকীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করার পর চিকিৎসক জানান, ফারুকীর ব্রেন স্ট্রোক হয়েছে।

ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তার ফেইসবুক পেইজে এ খবর শেয়ার করেন।

২০১০ সালে ১৬ জুলাই বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের এক সন্তান রয়েছে।

প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ফারুকী। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মত সেখানে অভিনয় করেছেন তিনি।

তার বানানো চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ দর্শকপ্রিয় হয়।

পুরনো খবর

পুরানো খবর:

চলচ্চিত্র নির্মাতা ফারুকী আইসিইউতে