চলচ্চিত্র নির্মাতা ফারুকী আইসিইউতে
তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসক।
মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
সোমবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে ফারুকীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করার পর চিকিৎসক জানান, ফারুকীর ব্রেন স্ট্রোক হয়েছে।
ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তার ফেইসবুক পেইজে এ খবর শেয়ার করেছেন।
সোমবার রাতে তিশা লেখেন, “আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল এনজিওগ্রাম করতে। করা হলো। ছোটো একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।”
তাদের পরিবারের ঘনিষ্ঠ এক বন্ধুর সঙ্গে কথা বলে জানা গেছে, ফারুকীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে, তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসক।
২০১০ সালে ১৬ জুলাই বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের এক সন্তান রয়েছে।
প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ফারুকী। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মত সেখানে অভিনয় করেছেন তিনি।
তার বানানো চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ দর্শকপ্রিয় হয়।
