Published : 22 Apr 2024, 04:42 PM
নির্মাতা নারায়ণ ঘোষ মিতা কবরী ও রাজ্জাক জুটিকে নিয়ে ‘নীল আকাশের নীচে’ বানিয়েছিলেন স্বাধীনতার আগে ১৯৬৯ সালে। দুই পরিবারের সাধারণ একটি গল্পের এই সিনেমাটি অসাধারণ হয়ে ওঠে রাজ্জাক-কবরী জুটির অভিনয়, গান ও চিত্রনাট্যে। সিনেমার ‘নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা’ গানটিও হয় কালজয়ী।
যাত্রাপালায় একসময় লোককাহিনী ‘রূপবান’ এর ছিল জয়জয়াকার। সেই গল্প ১৯৬৫ সালে সিনেমার পর্দায় আনেন সালাহ্উদ্দিন। মূল পরিকল্পনায় ছিলেন তার সহকারী সফদার আলী ভূঁইয়া। দেড় লাখ রুপির ওই সিনেমা বক্স অফিসে ব্যাপক আলোড়ন তোলে। ‘রূপবান’ এর ভূমিকায় অভিনয় করেন সুজাতা।
১৯৭৩ সালের সিনেমা ‘ইয়ে করে বিয়ে’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের। ইউসুফ জহিরের পরিচালনায় এই সিনেমার নায়িকা ছিলেন ববিতা।
বাহাত্তরে সদ্য স্বাধীন বাংলাদেশে অনেক সীমাবদ্ধতার মধ্যেও মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরা কালোত্তীর্ণ এক সিনেমা ‘ওরা এগার জন’। একুশে পদকজয়ী নির্মাতা চাষী নজরুল ইসলাম তার এই সিনেমায় ত্রিশ লাখ শহীদের এই যুদ্ধে পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যার ইতিহাস তুলে ধরেন। সিনেমার ১১ জনের মুক্তিবাহিনীর প্রত্যেক সদস্যই ছিলেন সত্যিকারের মুক্তিযোদ্ধা।
১৯৭৩ সালে নির্মাতা খান আতাউর রহমানের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময়ের প্রেক্ষাপটের সিনেমা ‘আবার তোরা মানুষ হ’তে জুটি বাঁধেন প্রয়াত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক ও ববিতা ।
নির্মাতা কাজী জহির ১৯৭২ সালে তৈরি করেন বাণিজ্যিক সিনেমা ‘অবুঝ মন’। নায়ক-নায়িকা হন রাজ্জাক ও শাবানা। সিনেমায় নির্মাতা দেখিয়েছেন হিন্দু জমিদারকন্যার সঙ্গে মুসলিম ডাক্তারের প্রেম কাহিনী।