২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সুমন-আসিফের সেই গান শোনা যাচ্ছে

দেশে ফেরার আগে ঢাকায় ডুয়েট গানটিতে কণ্ঠ দেন কবীর সুমন।

সুমন-আসিফের সেই গান শোনা যাচ্ছে

কবীর সুমন, আসিফ আকবর ও উজ্জল সিনহা

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 12:28 AM

Updated : 30 Oct 2022, 12:53 AM

ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে প্রথমবারের মত গান গেয়ে চমকে দিয়েছিলেন কবীর সুমন; সেই গান অবশেষে শুনতে পারছেন ভক্তরা।

‘এই আকবর ঐ সুমন’ গানটি শনিবার ইউটিউবে মুক্তি পেয়েছে। আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী কবীর সুমনের সঙ্গে গানের রেকর্ডিয়ের দৃশ্যায়নের ভিডিও বাড়তি পাওনা সুমন-আসিফ প্রেমীদের জন্য।

নিজের ইউটিউব চ্যানেলে এদিন গানটি প্রকাশ করার তথ্য আসিফ ফেইসবুক পোস্টে জানান।

‘আসিফ এখন একান্নোয়/কবীর চলছে তিয়াত্তর/চলতে চলতে রাত ফুরোয়/রাত পেরোলেই আসবে ভোর...।’ কথামালায় ফুটে উঠেছে দুই গান পাগল বাঙালির আবেগ, অনুভূতি ও স্বপ্নের কথা।

গানের ইউটিউব লিংক ফেইসবুক পেইজে শেয়ার দিয়ে তাতে লিখেছেন, “আমার দুই যুগের ক্যারিয়ারে স্বপ্নের চেয়েও বড় প্রাপ্তি- ‘এই আকবর ঐ সুমন’ গানটি মুক্তি পেল আজ।

শ্রদ্ধেয় অগ্রজ কবির সুমনের কথা ও সুরে দ্বৈত গানটির সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। গানের ভিডিও নির্মাণ ইয়ামিন ইলান, আর্ব এন্টারটেইনমেন্টের লেবেলে তৈরি গানটি রেকর্ড হয়েছে বাংলাঢোল স্টুডিওতে।”

এর আগে কবীর সুমনের লেখা ১০টি গান গেয়েছেন আসিফ। তবে এবারই এক গানে কণ্ঠ দিলেন দুজন।

ইউটিউবে কমেন্ট সেকশনে গানটাকে অভিনন্দন আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন আসিফ ও সুমন ভক্তরা।

অরণ্য সরকার নামে এক ভক্ত লিখেছেন, “অসাধারণ বললে আসলেই কিছু বলা হয় না। আসিফ আকবর আবারও প্রমাণ করলেন কেন তিনি বাংলায় এই প্রজন্মের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী! আর কবীর সুমন? উনি তো নিজেই একটা প্রজন্ম, অবলীলায় ইতিহাস গড়েন।”

এছাড়া কথা, সুর, কম্পোজিশন ও গানভাবনার প্রশংসা করেছেন অনেকেই।

প্রিয় শিল্পী ও গীতিকারের সঙ্গে গানটি প্রসঙ্গে আসিফ আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে কবীর সুমনের লেখা ১০টি গান গেয়েছি। যার ৭টি গানের সঙ্গীতায়োজন করেছেন উজ্জল সিনহা। কবীর সুমন উজ্জল সিনহাকে খুবই পছন্দ করেন। এবারই প্রথম সুমনের সাথে ডুয়েট গানে কণ্ঠ দিয়েছি। এটা অন্যরকম ভালো লাগার। এবারও গানটির সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।”

এ গানের সংবাদ দেওয়ার দুই ঘণ্টা পরই আসিফ জানালেন আধুনিক শিশুদের নিয়ে কবীর সুমনের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

Image

কবীর সুমন ও আসিফ আকবর

আসিফ লেখেন, “শ্রদ্ধেয় অগ্রজ কবির সুমন ফ্ল্যাটবন্দী শিশুদের নিয়ে গান রচনা করেছেন, সেটার উপর সুর দিয়েছেন। বাংলাদেশের মোস্ট ট্যালেন্টেড মিউজিশিয়ান উজ্জ্বল সঙ্গীতায়োজন করেছেন। আমার ক্যারিয়ারের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর বন্ধু ছোটভাই এবং কুমিল্লার গর্ব উজ্জ্বল সিনহাকে তিনিও খুব পছন্দ করেন। আজ গাইলাম ফ্ল্যাটবন্দী শিশুদের নিয়ে এই গানটি।”

আসিফ জানান, ‘কোথায় যাবে খেলতে/দুটি ডানা মেলতে/কোথায় যাবে উড়তে/হাত পা একটু ছুঁড়তে’- এমন কথায় সাঁজানো হয়েছে শিশুতোষ গানটি।

পিপহোলের আমন্ত্রণে ১৩ বছর পর গান গাইতে ঢাকায় এসেছিলেন কবীর সুমন।

সুমনের গান শিরোনামে গত ১৫, ১৮ ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান ও বাংলা খেয়াল শুনিয়ে দর্শকদের মুগ্ধ করেন পশ্চিমবঙ্গের এই সঙ্গীতশিল্পী। যাওয়ার আগে আসিফের সঙ্গে গানের রেকর্ড করেন মোহাম্মদপুরস্থ বাংলাঢোল স্টুডিওতে।