২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘রঙ্গনের বাবা’: সুমনের দেওয়া নতুন পরিচয়ে ‘ভাসছেন’ আসিফ

আবার সুমনকে নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কথা জানালেন বাংলাদেশের সংগীতশিল্পী আসিফ। এবারের প্রসঙ্গ গান নয়, ভিন্ন কিছু- সুমনের অন্যরকম ভালোবাসা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 05:02 PM

Updated : 25 Oct 2022, 05:23 PM

মেয়ের পরিচয়ে নতুন পরিচিতি পাওয়ার পর থেকে আপ্লুত সংগীতশিল্পী আসিফ আকবর।

ভারতের আধুনিক গানের জনপ্রিয় শিল্পী কবীর সুমন যখন বন্ধুর সঙ্গে নতুন পরিচয়ে তাকে চিনিয়ে দিলেন সেই থেকে আনন্দে ভাসছেন বাংলাদেশের এ সংগীতশিল্পী।

ফেইসবুক পোস্টে সেই উচ্ছ্বাসের কথা জানালেনও উৎসাহের সঙ্গে; বললেন- “আসিফ থেকে রঙ্গনের বাবা হওয়ার দ্যূতিময় আনন্দে ভেসে গেছি।”

কবীর সুমনের ঢাকা ঘুরে যাওয়ার মধ্যে এবার তাই দুই উপলক্ষ যোগ হল আসিফের। অথচ গান গাইতে ভারতীয় এ শিল্পীর ঢাকা আসার পর থেকে আসিফের অনুপস্থিতি কৌতূহলের জন্ম দিয়েছে।

সুমন ঢাকায় এলেন, তিনটি অনুষ্ঠানে গান গাইলেন। কিন্তু বাংলাদেশের শিল্পী আসিফকে প্রকাশ্যে দেখা যায়নি সেগুলোতে। এ নিয়ে অনেকেরই কৌতূহল ছিল।

এ কৌতূহলের কারণটাও অনেকেই জানেন, দুই শিল্পী অনেকদিন থেকে গান নিয়ে সম্পৃক্ত। আসিফের জন্য ১০টি গান লিখেছেন কবীর সুমন, সেগুলো প্রকাশও হয়েছে। সে কারণে আসিফের নিরবতার কারণ খোঁজার চেষ্টায় ছিলেন অনেকেই।

তবে সেই নিরবতা ভেঙে রোববার জানা গেল সুমনের সঙ্গে প্রথমবার একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রথমে তিনি জানান, সুমন ঢাকা ছাড়ার পর খবরটি জানাতে চান সবাইকে।

পরে অবশ্য গানটির অনেক তথ্যই জানান প্রতিবেদককে। কিছুক্ষণ পর নিজের ফেইসবুকে সেই গানের খবরটি জানিয়ে পোস্ট দেন আসিফ।

মঙ্গলবার আবার সুমনকে নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কথা জানালেন বাংলাদেশের সংগীতশিল্পী আসিফ। এবারের প্রসঙ্গ গান নয়, ভিন্ন কিছু- সুমনের অন্যরকম ভালোবাসা।

সুমন ঢাকার ছাড়ার পরদিন মঙ্গলবার ফেইসবুকে আসিফ লিখলেন, “১৭ই অক্টোবর সকালটা আমার কাছে একটু বেশিই ঝলমলে ছিল। শ্রদ্ধেয় অগ্রজ কবির সুমনের সঙ্গে প্রথম স্বাক্ষাৎ হবে। আমি বেগম আর রঙ্গন দেখা করলাম। তিনি রঙ্গনকে কানে কানে শান্ত ভরাট কন্ঠে শুনিয়ে দিলেন- তোমাকে চাই। দু’দিন পর উনার এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে বললেন - ও রঙ্গনের বাবা। আসিফ থেকে রঙ্গনের বাবা হওয়ার দ্যূতিময় আনন্দে ভেসে গেছি।”

পুরনো খবর:

কবীর সুমনের সঙ্গে আসিফের ‘ডুয়েট’
ঢাকায় গানের সঙ্গে সুমনের কথামালা

আইদাহ আসিফ রঙ্গন হলেন সালমা আসিফ মিতু ও আসিফ দম্পতির কন্যা। মিতুকে বেগম নামে সম্বোধন করেন আসিফ। তাদের আরও দুই ছেলে রয়েছে।

সোমবার সুমন কলকাতায় ফিরে গেছেন। এর আগের দিন রোববার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাঢোল এর স্টুডিওতে সুমন-আসিফ একটি ডুয়েট গানের রেকর্ডিং করেন।

সুমনের লেখা গানটির কথাগুলো এরকম- “আসিফ এখন একান্নোয়/কবীর চলছে তিয়াত্তর/চলতে চলতে রাত ফুরোয়/রাত পেরোলেই আসবে ভোর...।“

গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা, যিনি এর আগে আসিফের জন্য লেখা সুমনের ১০টি গানের ৭টির সঙ্গীতায়োজন করেন।

সুমন কলকাতায় ফিরে যাওয়ার পরদিন মঙ্গলবার আসিফ লিখেছেন, “২৪ তারিখ বৃষ্টি মুখর সকালে রঙ্গন তাঁর মায়ের সাথে আবারও গেল কবির সুমনকে বিদায় জানাতে। তিনি রঙ্গনকে ভালবেসে ফেলেছেন, অনেক সময় দিলেন। কবির সুমনের অমর সৃষ্টি জাতিশ্বরের প্রেম শিশু রঙ্গন সবচেয়ে ভাল বুঝেছে।

“ছবিতে দু’জন শিশুর স্বাক্ষাৎ ভালবাসা আর বিদায়বেলার আনন্দ। পাঁচ মাস বিশ দিন বয়সী রঙ্গন যেন তিয়াত্তরের কবীর সুমনকে সুমনের গানই শোনাচ্ছে- ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই’। আবারো দেখা হবে এই বাংলাদেশে শ্রদ্ধেয় অগ্রজ। ভালবাসা অবিরাম।”