২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কবীর সুমনের সঙ্গে আসিফের ‘ডুয়েট’

“আসিফ এখন একান্নোয়/কবীর চলছে তিয়াত্তর,” এই গান গেয়েছেন দুজনে।

কবীর সুমনের সঙ্গে আসিফের ‘ডুয়েট’

এই প্রথম কবীর সুমনের সঙ্গে গাইলেন আসিফ আকবর।

পাভেল রহমান পাভেল রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 01:33 AM

Updated : 24 Oct 2022, 01:34 AM

বাংলাদেশের সঙ্গীতশিল্পী আসিফ আকবরের জন্য আগেও গান লিখেছেন কবীর সুমন। তবে এবারই প্রথম একসঙ্গে গাইলেন।

রোববার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাঢোল এর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। সেখানে অংশ নেন কবীর সুমন ও আসিফ আকবর।

সুমনের লেখা গানটির কথাগুলো এরকম- “আসিফ এখন একান্নোয়/কবীর চলছে তিয়াত্তর/চলতে চলতে রাত ফুরোয়/রাত পেরোলেই আসবে ভোর..."। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

পিপহোলের আমন্ত্রণে ১৩ বছর পর গান করতে ঢাকায় এসেছেন কবীর সুমন। গত ১৫, ১৮ ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান ও বাংলা খেয়াল শুনিয়ে দর্শকদের মুগ্ধ করেন ওপার বাংলার এই সঙ্গীত শিল্পী।

দর্শকের চাপ সামলাতে আয়োজকদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেই উন্মাদনা শেষ হতে না হতেই এবার জানা গেলো সুমনের নতুন খবর। 

Image

কবীর সুমন ও আসিফ আকবরের গানের সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা

আসিফ আকবর রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে কবীর সুমনের লেখা ১০টি গান গেয়েছি। যার ৭টি গানের সঙ্গীতায়োজন করেছেন উজ্জল সিনহা। কবীর সুমন তাকে খুবই পছন্দ করেন। এবারই প্রথম সুমনের সাথে ডুয়েট গানে কণ্ঠ দিয়েছি। এটা অন্যরকম ভালো লাগার। এবারও গানটির সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।”

গানটি কবে প্রকাশ হবে- জানতে চাইলে আসিফ বলেন, “কেবল তো রেকর্ডিং হলো। শিগগিরই বাংলাঢোল থেকে গানটি প্রকাশ করা হবে। তখন সবাইকে জানানো হবে।”