ঈদে ১০ গান নিয়ে আসছেন মনির খান
“গানগুলো করে ভালো লেগেছে। অনেকদিন পরে একসাথে এতগুলো গান করলাম।”
‘তোমার কোনো দোষ নেই’, ‘আট আনার জীবন’, ‘ভাড়া করে আনবি মানুষ’, ‘বিধি আমার এ চোখ অন্ধ করে দাও’র মতো জনপ্রিয় সব গানের শিল্পী মনির খান ফিরছেন ১০টি একক গান নিয়ে।
ঈদে মনির খানের ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক টোয়েন্টিফোর’ এ গানগুলোর অডিও-ভিডিও মুক্তি দেওয়া হবে।
নতুন গানগুলো নিয়ে মনির খান গ্লিটজকে বলেন, “আমি যে ধরনের গান করি, সেই ধরনের উপাদানই নতুন এই ১০টি গানে রয়েছে।”
গানগুলো লিখেছেন লিটন শিকদার এবং মিল্টন খন্দকার। গানগুলোর কম্পোজিশন হয়েছে কলকাতায়।
মনির খান বলেন, “গানগুলো করে ভালো লেগেছে। অনেকদিন পরে একসাথে এতগুলো গান করলাম। গানের কথার সঙ্গে সঙ্গতি রেখে ভিডিও করা হয়েছে। আশা করি, দর্শক গানগুলো শুনে তাদের ভালো লাগা, মন্দ লাগা শেয়ার করবেন।”
এক সময় মনির খানের গানের অ্যালবাম মুক্তি পেত। দীর্ঘদিন পর অ্যালবামের মতো করে ১০ গান একসাথে আনতে পেরে ভালো লাগছে জানিয়ে তিনি বলেন, “গান প্রায় নিয়মিতই করতাম। সেটা একটা দুইটা করে, অনলাইনে আসত। একসাথে এতগুলো গান করা হয়নি। ঈদের উপহার হিসেবে ১০টা গান ও গানের ভিডিও আসছে। খুবই ভালো লাগছে।
তিনি জানান, ১০ গান মুক্তি উপলক্ষে সোমবার ঢাকায় ছোট পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। গানগুলো প্রকাশনাকে কেন্দ্র করে নানা অভিজ্ঞতা ভাগাভাগি করবেন।
গত শতকের ৯০ ও শূন্য দশকের জনপ্রিয় পপ শিল্পী মনির খান। ১৯৯৬ সালে ‘তোমার কোনো দোষ নেই’ নামে একক অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন। প্রথম অ্যালবামই ছড়িয়ে শহর থেকে গ্রামে। দীর্ঘ সংগীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। এছাড়া তার কণ্ঠে বেশ কিছু সিনেমার গান পেয়েছে তুমুল জনপ্রিয়তা।
শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মনির খান। ‘অঞ্জনা’ নামে গানের একটি চরিত্রকে তিনি জনপ্রিয় করে তুলেছিলেন গানের মাধ্যমে।
