Published : 12 Jul 2023, 09:38 PM
এক ছাদের তলায় থাকেন না প্রবীণ তারকা দম্পতি হেমা মালিনী ও ধর্মেন্দ্র। অথচ প্রেম করে বিয়ে করার কারণে দীর্ঘদিন চর্চায় ছিলেন তারা।
দুই অভিনেতার মন দেওয়া-নেওয়া যখন শুরু, তখন ধর্মেন্দ্র বিবাহিত এবং চার সন্তানের জনক। হেমা মালিনীকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলেও প্রথম স্ত্রীর কাছ থেকে তালাক মেলেনি এই নায়কের। অগত্যা বলিউডের এই দুই তারকা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সেই ধর্মমতেই বিয়ে করেন।
এক সময় অভিনেতার প্রথম পক্ষের পরিবারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়, তবু হেমার সঙ্গে এক ছাদের তলায় আর থাকা হয়নি। সম্প্রতি এ বিষয়ে প্রকাশ্যেই মুখ খুলেছেন হেমা মালিনী।
ভারতীয় সংবাদমাধ্যম লেহরেন টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে হেমা নিজের ক্যারিয়ার ও পারিবারিক অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানে তাকে বলা হয়, অনেকেই তাকে নারীবাদের প্রতীক মনে করেন। কারণ ধর্মেন্দ্রর সাথে না থেকে তিনি নিজের বাড়িতে থাকেন।
স্বামীর কাছ থেকে দূরে থাকা কেমন লাগে সে সম্পর্কে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সত্যি বলতে খারাপ লাগে না। আমি নিজেকে নিয়ে খুশি। আমার দুই সন্তান আছে। তারা খুব দারুণভাবে বেড়ে উঠেছে।”
বয়স হলেই অভিনেত্রীদের ভুলে যায় বলিউড: হেমা মালিনী
জন্মদিনে এক পলকে ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী
‘নারীবাদের প্রতীক’ শুনে হেসে অভিনেত্রী বলেন, “নারীবাদের প্রতীক! আসলে এমনটা কেউ চায় না। এটা ঘটে যায়। যা হয়, আপনাকে তা মেনে নিতে হয়। প্রতিটি নারীই চায় যে আট দশটা স্বাভাবিক পরিবারের মতো তারও স্বামী, সন্তান হোক। কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না।”
এসব নিয়ে তার কোনো খারাপ অনুভূতি নেই বলেও হেমা জানান। কারণ শুরু থেকে ধর্মেন্দ্র তার পাশেই ছিলেন।
“সবসময় বাচ্চাদের বিয়ে নিয়ে চিন্তিত থাকতেন তিনি। উনি তাড়াতাড়ি ওদের বিয়ে দিতে চাইতেন। আমি সব সময় আশ্বস্ত করতাম, যখন ঠিক সময় আসবে, তখন ঠিক মামুষটি ঠিক ধরা দেবে। ভগবান ও গুরু মায়ের আশীর্বাদে সবকিছু ঘটেছে।”
১৯৭০ সালে প্রথম দুজন পর্দা ভাগাভাগি করেন ‘তুম হাসিন ম্যায় জাওয়ান’ সিনেমায়। আর তাদের চার হাত এক হয় ১৯৭৯ সালে।
তাদের এশা ও অহনা দেওলের নামের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে এশা দেওল বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারেননি।