‘ম্যারিজ কাউন্সিলর’ হবেন অমিতাভ?
সংসার জীবনে কোনো রকম সমস্যা দেখা দিলে সেই সমস্যার সমাধান দেবেন ‘বিগ বি’।
একাশি বছর বয়সেও অভিনয়ে ব্যস্ততার শেষ নেই; তার মধ্যেই নতুন এক পেশায় নিজেকে দেখতে চান বলিউডের মহা তারকা অমিতাভ বচ্চন!
সম্প্রতি কুইজ শো ‘কৌন বনেগা ক্রোরপতির’ এক পর্বে তিনি ‘ম্যারিজ কাউন্সিলর’ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অর্থাৎ, দাম্পত্য জীবনে কোনো রকম সমস্যা দেখা দিলে সেই সমস্যার সমাধান দেবেন তিনি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই পর্বে নিজের দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যার কথা অমিতাভের কাছে মন খুলে বলেন রচনা রুস্তগী নামের এক প্রতিযোগী।
দিল্লির এই গৃহবধূ খেলার মাঝেই তার বৈবাহিক জীবনের নানা সমস্যার কথা বলতে থাকেন। তিনি জানান, তার স্বামী অত্যন্ত দুর্ব্যবহার করেন, কোথাও বেড়াতেও নিয়ে যান না। মন দিয়ে সেই সব সমস্যার কথা শোনেন বিগ বি।
এরপর তিনি সংশ্লিষ্ট টেলিভিশন স্টেশনের কাছে আর্জি রাখেন, “আপনারা দয়া করে সঞ্চালকের পরিবর্তে আমাকে ম্যারিজ কাউন্সেলর করে দিন। কারণ সবাই এখানে এসে তাদের সংসারের সমস্ত দুঃখ যন্ত্রণার কথা খুলে বলেন।”
এটা ছিল রসিকতা, কিন্তু তারপর অমিতাভ সেই নারীর স্বামীর সঙ্গে কথা বলে স্ত্রীকে সময় দেওয়ার পরামর্শ দেন।
বুধবার জীবনের ৮১ বছর পূর্ণ করেছেন এ অভিনেতা। এই বয়সেও বার্ধক্য তাকে ছুঁতে পারেনি; বড় পর্দা থেকে ছোট পর্দা দু’জায়গাতেই চুটিয়ে কাজ করছেন।
আগামীতে অ্যাকশন সিনেমা ‘গণপথ: আ হিরো ইজ বর্ন’-এ দেখা যাবে অমিতাভকে। এছাড়াও ‘কল্কি ২৯৮৯’ সিনেমায় ‘বাহুবলী’ অভিনেতা প্রভাস ও দীপিকার সঙ্গে অ্যাকশনে পাল্লা দেবেন তিনি।
আরও পড়ুন
