মা হারালেন রানি মুখার্জি
“আমি আমার মায়ের কাছ থেকেই শক্তি ও অনুপ্রেরণা পেয়েছি।”
বলিউডি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় মারা গেছেন।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’ একটি বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, শোকের এই আবহে পরিবারটির ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে ওই বিবৃতিতে।
তাতে বলা হয়েছে, “মঙ্গলবার দুপুরে রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় এই কঠিন সময়ে আপনাদের ভালবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য এই পরিবার কৃতজ্ঞ।”
শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত শিল্পী ছিলেন কৃষ্ণা, এক সময় কিছু সিনেমাতেও গান করেছেন; তার স্বামী রাম মুখার্জি ছিলেন সিনেমার পরিচালক। রাম মারা যান ২০১৭ সালে।
মুম্বাইয়ে মুখার্জিদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে কৃষ্ণা মুর্খাজি উপস্থিত থাকতেন। প্রতিবছর মুম্বাইয়ে মুখার্জিদের দুর্গাপূজায়ও তার সরব উপস্থিতি থাকত। রানি তার মায়ের কতটা কাছের ছিলেন, তা অভিনেত্রীর বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে।
রানির প্রথম হিন্দি সিনেমা ‘রাজা কি আয়েগি বারাত’-এ অভিনয়ের প্রস্তাব আসে তার বাবার বন্ধু, প্রযোজক সেলিম আখতারের কাছ থেকে। এই প্রসঙ্গে রানি বলেছিলেন, মায়ের পরামর্শেই তিনি ওই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেন।
রানির কথায়, “মা ভেবেছিলেন, আমি যদি ভালো কাজ করি, তা আমাদের পরিবারের সবার জন্য ভালো হবে।”
রানি বলেন, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় তার অভিনয়ের ক্ষেত্রেও মা ছিলেন অন্যতম অনুপ্রেরণা। ওই সিনেমায় একজন মায়ের চরিত্রে অভিনয় করে দর্শক-সামলোচক মহলে ‘তাক লাগিয়ে’ দেন রানি।
সিনেমায় দেখানো হয়েছে, একজন মা তার সন্তানদের ফিরে পেতে কতদূর যেতে পারেন!
মাকে নিয়ে রানি বলেন, “একজন আপাদমস্তক বাঙালি মানুষ। নিজ হাতে আমাদের খাইয়ে দিয়েছে, কপালে টিপ পরিয়ে দিয়েছেন। আমি আমার মায়ের কাছ থেকেই শক্তি ও অনুপ্রেরণা পেয়েছি।”
চলতি বছরে মুক্তি পায় রানির ‘মরদানি ৩’ নামের সিনেমা। আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে রানির নতুন সিনেমা ‘কিং’; তাতে অভিনয় করেছেন শাহরুখ খান, তার কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চনসহ বলিউডের এক ঝাঁক শিল্পী।
