১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেন সবাই সানিকে দাম্ভিক ভাবতেন?

সানি বলেন, “যেখানে কেবল পানাহার, পরচর্চা চলে, সেসব জায়গা এড়িয়ে চলার চেষ্টা করি।“

কেন সবাই সানিকে দাম্ভিক ভাবতেন?

ভারতের হিন্দি সিনেমার নব্বইয় দশকের অভিনেতা সানি দেওল

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 05:22 PM

Updated : 01 Jan 2024, 05:22 PM

বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন আলোচনার নাম ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। এর কারণ তার ‘গদর ২’ সিনেমার আকাশছোঁয়া সাফল্য। কিন্তু যাপিত জীবনের ধরনধারণের কারণে কী ধরনের ভুল বোঝাবুঝির মধ্যে পড়তে হয়, সে কথা নিজেই বলেছেন ব্যক্তিজীবনে নিজস্ব বলয়ে বসবাস করা এই অভিনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, আর সবার মত তারও আত্মীয় স্বজন, বন্ধুমহল রয়েছে। কিন্তু নিজের পরিবারে ডুবে থাকতেই পছন্দ করেন তিনি।

বলিউডের পার্টি বা বড়সর অনুষ্ঠানে সানিকে কেন সচারচর দেখা যায় না– এই প্রশ্নে তিনি বলেন, “অনুরাগীদের সঙ্গে সরাসরি কথা বলা যায় এমন অনুষ্ঠানে কিন্তু আমি যাই। কিন্তু যেখানে কেবল পানাহার, পরচর্চা চলে, সেসব জায়গা এড়িয়ে চলার চেষ্টা করি।“

সানি বলেন, তিনি চেষ্টা করেন খুব ভোরে ঘুম থেকে উঠতে। তাই রাত জাগেন না। কিন্তু সিনেমা জগতের মানুষদের পার্টি চলে সাধানণত গভীর রাত পর্যন্ত। এটাও পার্টিতে না যাওয়ার একটি কারণ।

তার ভাষ্য, “কেবল নিজের পরিবার নিয়ে থাকি, ইন্ডাস্ট্রির মানুষজনের পার্টিতে আমাকে তেমন দেখা যায় না, এ কারণে অনেকে আমাকে নাক উঁচু, দাম্ভিক মনে করেন। অনেকে আবার আমাকে লাজুকও মনে করেন। আমার সঙ্গে মেশার পর অনেকের ভুল ভাঙে, অনেকের ভাঙে না। এই নিয়েই চলে যাচ্ছে।”

এক সময় অনেকে ভেবেছিলেন, অভিনয় জীবন থেকে সানি বিদায় নিয়েছেন। কিন্তু ফেলে আসা বছরে ‘গদর ২’-এর মাধ্যমে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটেছে তার।

২২ বছর পর ‘গদর’ এর সিক্যুয়েল দর্শক পছন্দ করবে কি না, তা নিয়ে সিনেমা মুক্তির আগে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু বক্স অফিসের যাবতীয় অনুমান ভুল প্রমাণিত করেছে সানি অভিনীত এই ছবি।

‘গদর ২’ মুক্তি পায় গত ১১ অগাস্ট। মাত্র ৮৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বজুড়ে আয় করেছে ৬৮৭.৮ কোটি রুপি; এই আয়ের বেশিরভাগ, ৫২৫ কোটি রুপি এসেছে ভারত থেকেই।

অনিল শর্মার প্রযোজনা-পরিচালনায় ‘গদর ২’ সিনেমায় সানির সঙ্গী আমিশা প্যাটেল, যাকে প্রায় ভুলতেই বসেছিল হিন্দি সিনেমার দর্শক।

বলিউডের পার্টি থেকে সানি দূরে থাকলেও ‘গদর ২’ সিনেমার ক্ষেত্রে ছাড় পাননি তিনি। সিনেমা সফল হওয়ার পর পার্টি দিতে হয়েছিল অভিনেতাকে। শাহরুখ খান, সালমন খান, আমির খান থেকে শুরু করে ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকারা সানিকে অভিনন্দন জানাতে সেই পার্টিতে উপস্থিত হয়েছিলেন।

আরও পড়ুন

পুরানো খবর:

‘গদর ২’ এর টিকেট কালোবাজারি নিয়ে হাঙ্গামা, বোমাবাজি

পুরানো খবর:

প্রকাশ্যে ‘গদর ২’ এর ট্রেইলার

পুরানো খবর:

‘গদর’ নিয়ে অভিজ্ঞতা জানালেন কপিল শর্মা

পুরানো খবর:

‘গদর’ দেখে আমিশাকে অবসরের পরামর্শ দিয়েছিলেন বনসালি

পুরানো খবর:

২০২৩: শাহরুখের হাত ধরে দুরন্ত বলিউড, সঙ্গে ছিল দক্ষিণ