‘গদর ২’ এর টিকেট কালোবাজারি নিয়ে হাঙ্গামা, বোমাবাজি
যদিও গোটা ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পাটনা পুলিশ।
সানি দেওল আর আমিশা প্যাটেল অভিনীত বক্স অফিসে ঝড় তোলা সিনেমা ‘গদর ২’ এর টিকেট কালোবাজারি নিয়ে হাঙ্গামার জেরে বিহারের পাটনায় হলের বাইরে বোমাবাজির ঘটনা ঘটেছে।
হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে, টিকিটের উচ্চ চাহিদা নিয়ে ঝামেলা বাঁধার পর দুই সন্দেহভাজন থিয়েটারের বাইরে বোমা ছুঁড়ে মারে। যদিও এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পাটনা পুলিশ।
সিনেমা হলের মালিক সুমন সিনহা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, “গদর ২-এর কালো টিকেট বিক্রি করতে চেয়েছিল ওরা। কিন্তু আমাদের কর্মীরা ওদের না করলে বোমা বিস্ফোরণের চেষ্টা করে।”
ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে, বৃহস্পতিবার ‘গদর ২’ ২২ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করেছে। আর এক সপ্তাহে সিনেমার মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৮৩ কোটিতে। আশা করা যাচ্ছে চলতি সপ্তাহেও বাজার দখলে রাখবে গদর-২ ।
এদিকে গদর ২-এর সঙ্গে একই দিনে মুক্তি পায় অক্ষয় কুমারের ‘ওএমজি-২’ সিনেমা। সেই সিনেমা এখনো ১০০ কোটির ঘর পেরোতে পারেনি।
