২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বেফাঁস মন্তব্যে বিপাকে সানি দেওল

‘ভারত-পাকিস্তান’ সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন সানি।

বেফাঁস মন্তব্যে বিপাকে সানি দেওল

সানি দেওল

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 05:53 PM

Updated : 28 Jul 2023, 05:53 PM

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে ‘বেফাঁস’ রাজনৈতিক মন্তব্য করে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। 

বুধবার নির্মাতারা মুম্বাইয়ে এক প্রেক্ষাগৃহে ‘গদর ২’ এর ট্রেইলার উন্মোচন করেন। সেই অনুষ্ঠানে তারা সিংহের বেশে হাজির হয়েছিলেন সানি। অন্যদিকে সাকিনার সাজে অভিনেত্রী আমিশা প্যাটেল।  

সেখানেই ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেতা ও পাঞ্জাবের গুরুদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওল। আর সে মন্তব্যকে ঘিরেই নেটিজেনরা অভিনেতার অবস্থানের জন্য তার সমালোচনা করছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে। 

ভারত-পাকিস্তান সম্পর্কে সানি বলেন, “দুই দিকেই (ভারত-পাকিস্তান) ভালোবাসা আছে। রাজনৈতিক খেলাই এই সব বিদ্বেষ সৃষ্টি করে। এই সিনেমায় সেটাই দেখানো হয়েছে। দুই দেশের সাধারণ নাগরিকরাও কোনো রকমের লড়াই বা যুদ্ধ চান না।”

 

সানির এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকেই তার বক্তব্যে খুব একটা খুশি নন। 

এক ভক্ত বলেছেন, “তারা সিং নিজের সিনেমা বয়কটের পথ খুলে দিলেন।” 

অন্য একজন বলেছেন, “হা হা। সানি দেওলের অবশ্যই কমনসেন্স থাকা উচিৎ। এই দেশের লোকেরা এই মন্তব্যকে হালকাভাবে নেবে না। তারা সিনেমাটি বয়কট করবে। আর ওপারের লোকদের তো সিনেমার টিকিট কেনারই টাকা নেই। যাই হোক।" 

২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত সিনেমা ‘গদর: এক প্রেম কথা’। তারা সিং ও সাকিনার প্রেম দিয়ে শুরু হয়েছিল রোম্যান্টিক অ্যাকশন ঘরানার সিনেমা ‘গদর’ এর কাহিনি। সেখানে স্ত্রীর জন্য পাকিস্তানে পাড়ি জমিয়েছিলেন তারা সিং। 

সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল ‘গদর ২’ এ দেখা যাবে, সাকিনা চরিত্রটির মৃত্যু হলেও তাদের ছেলে রয়ে গেছে পাকিস্তানে। ছেলেকে ফিরিয়ে আনার জন্য বাবার লড়াইয়ের গল্পে বোনা হয়েছে সিনেমার কাহিনি। 

দ্বিতীয় সিকুয়েলেও মুখ্য চরিত্রে অভিনয় করছেন সানি দেওল ও আমিশা প্যাটেল, পরিচালনা করেছেন অনিল শর্মা। ১১ অগাস্ট মুক্তি পাবে সিনেমাটি। 

পুরানো খবর:

প্রকাশ্যে ‘গদর ২’ এর ট্রেইলার