না খেলেই সেমি-ফাইনালে ভারত ও পাকিস্তান
এশিয়ান গেমস ক্রিকেটে প্রত্যাশিতভাবেই পদকের লড়াইয়ে জায়গা করে নিল ভারত ও পাকিস্তান।
আবহাওয়ার পূর্বাভাসে যে শঙ্কা ছিল, সত্যি হলো সেটিই। বৃষ্টির কারণে ভেস্তে গেল এশিয়ান গেমস ক্রিকেটের দুটি কোয়ার্টার-ফাইনাল। র্যাঙ্কিং অনুযায়ী বাছাইয়ে এগিয়ে থাকায় সেমি-ফাইনালে জায়গা করে নিল ভারত ও পাকিস্তান।
এই দুল দলের জয় এমনিতেই প্রত্যাশিত ছিল। কিন্তু মাঠের লড়াই হতে পারল না আবহাওয়ার কারণে।
আইচির নিশিনে সোমবার পাকিস্তান ও হংকংয়ের ম্যাচ ছিল আগে। টস হওয়া তো দূরের কথা, খেলা শুরু হওয়ার কোনো সম্ভাবনাই জাগেনি।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে ৬ নাম্বারে, হংকং ২৪।
ভারত আর আফগানিস্তানের ম্যাচ নিয়ে শঙ্কাও ছিল তখন থেকেই। শেষ পর্যন্ত একই পরিণতি মেনে নিতে হয় এই ম্যাচকেও।
র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান শীর্ষে, আফগানিস্তান দশে। ভারতীয়রা এই আসরে এসেছে মূল জাতীয় দল নিয়ে, আফগানদের ছিল দ্বিতীয় সারির দল।
পরের দুই কোয়ার্টার-ফাইনাল মঙ্গলবার। শ্রীলঙ্কা ও নেপালের লড়াইয়ে জয়ী দল সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচের জয়ী দল লড়বে পাকিস্তানের বিপক্ষে।
এই দুই কোয়ার্টার-ফাইনালেও আবহাওয়ার কারণে খেলা হতে না পারলে সেমিতে উঠবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
