১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘গদর’ দেখে আমিশাকে অবসরের পরামর্শ দিয়েছিলেন বনসালি

বনসালির ‘সিনেমার থেকে অবসর নেয়ার পরামর্শ’ তার পুরো ক্যারিয়ারে সত্য প্রমাণিত হয়েছিল বলে মনে করেন অভিনেত্রী।

‘গদর’ দেখে আমিশাকে অবসরের পরামর্শ দিয়েছিলেন বনসালি

আমিশা প্যাটেল ও সঞ্জয় লীলা বনসালি

গ্লিটজ ডেস্ক

Published : 23 Aug 2023, 09:07 PM

Updated : 23 Aug 2023, 09:25 PM

‘গদর: এক প্রেম কথা’র সিক্যুয়েল ‘গদর ২’র ব্যবসায়িক সাফল্য আলোচনায় ফিরিয়েছে আমিশা প্যাটেলকে, যাকে প্রায় ভুলতেই বসেছিল দর্শককুল। 

সম্প্রতি সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত আমিশা বলিউড হাঙ্গামাকে দেয়া সাক্ষাৎকারে জানান, ২০০১ সালে প্রথম ‘গদর: এক প্রেম কথা’ মুক্তির পরেই তাকে অবসর নেয়ার পরামর্শ দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনসালি। 

আমিশা জানান, “সঞ্জয় লীলা বনসালি ‘গদর’ দেখার পরে একটি সুন্দর চিঠি লিখেছিলেন। তারপর তার সাথে দেখা করলে তিনি আমায় বলেছিলেন, ‘আমিশা, তোমার এখন অবসর নেওয়া উচিত। তুমি ইতিমধ্যে দুটি সিনেমা থেকে এমন কিছু অর্জন করেছো, যা বেশির ভাগ লোক তাদের পুরো ক্যারিয়ারে অর্জন করতে পারে না। জীবনে একবারই ‘মুঘল-ই-আজম’, একটি ‘মাদার ইন্ডিয়া’, একটি ‘পাকিজা’, একটি ‘শোলে’তে কাজ করা যায়। তোমার দ্বিতীয় সিনেমাতে এটি ছিল। তো এরপর কী?’ আমি তখন তার কথা বুঝতে পারিনি। কারণ আমি ছোট ছিলাম, চলচ্চিত্র জগতে নতুন ছিলাম।”

পুরানো খবর:

‘গদর ২’ এর টিকেট কালোবাজারি নিয়ে হাঙ্গামা, বোমাবাজি

পুরানো খবর:

প্রকাশ্যে ‘গদর ২’ এর ট্রেইলার

আমিশা আরও জানান, বনসালির সেদিনের মন্তব্য তার পুরো ক্যারিয়ার সত্য বলে প্রমাণিত হয়েছিল। কারণ দর্শক ‘গদর’-এর সাফল্য হজম করতে পারেনি। তার প্রথম ছবি, ‘কাহো না পেয়ার হ্যায়’কেও ছাড়িয়ে গিয়েছিল সিনেমাটি। 

অভিনেত্রী মনে করেন, ‘গদর’-এর আকাশচুম্বী সাফল্যের কাছে তার ‘হামরাজ’, ‘ভুল ভুলাইয়া’ বা ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’-এর মতো সুপারহিট সিনেমাও টিকতে পারে নি। কারণ ‘গদর’-এর সঙ্গে সেসবের তুলনা টেনেছে দর্শক। 

২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত সিনেমা ‘গদর: এক প্রেম কথা’। তারা সিং ও সাকিনার প্রেম দিয়ে শুরু হয়েছিল রোম্যান্টিক অ্যাকশন ঘরানার সিনেমা ‘গদর’ এর কাহিনি। স্ত্রীর জন্য পাকিস্তানে পাড়ি দেয় তারা। সিনেমার দ্বিতীয় সিক্যুয়েলটিতে সানি-আমিশাকে ২২ বছর পরে তাদের আগের ভূমিকায় পুনরায় দেখা গিয়েছে।