২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫৭তে সালমান, মাঝরাতেই ‘ভাইজানের’ পার্টিতে ‘কিং খান’

খামার বাড়ির বদলে এবারে সালমান খানের জন্মদিনের পার্টি বসে মুম্বাইয়ে তার বোনের বাড়িতে।

৫৭তে সালমান, মাঝরাতেই ‘ভাইজানের’ পার্টিতে ‘কিং খান’

সালমান খানের জন্মদিনের পার্টিতে শাহরুখ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 05:43 PM

Updated : 27 Dec 2022, 05:43 PM

ক্যারিয়ারে দুজনে কাজের প্রতিযোগিতা আছে, কিন্তু বিদ্বেষ নেই। একে অন্যের পাশে থাকার ঘটনা দেখা গেল আবারও। সালমান খানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই তার কাছে ছুটে গেলেন শাহরুখ খান।

মঙ্গলবার জীবনের ৫৭ বছর পূর্ণ করেছেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। গতবার নিজের খামারবাড়ি প্যানভেলেতে সাপের কামড় খেয়ে ম্রিয়মাণ জন্মদিন গেছে তার। এবারে ভিন্ন, বন্ধু-স্বজনদের নিয়ে রাত থেকেই দিনটি উদযাপন শুরু করেন বলিউডের এই তারকা।

প্যানভেলের বদলে এবারে মুম্বাইতে বড় বোনের বাড়িতে ভাইজানের জন্মদিনের পার্টি চলছিল। একে একে আসতে থাকেন বলিউডের নিমন্ত্রিত তারকারা। আর সেই আনন্দ অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে হঠাৎ হাজির হয় ‘কিং খান’র গাড়ি।

সালমানের বাড়ি থেকে শাহরুখের বের হওয়ার দৃশ্য ক্যামেরা বন্দি করেন পাপারাজ্জিরা। একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।

ওই ভিডিওতে দেখা গেছে, জন্মদিনের পার্টি থেকে বেরিয়ে এসে মোট তিনবার পরস্পরকে আলিঙ্গন করেন দুই তারকা। এ সময় উপস্থিত ভক্তদের উদ্দেশে দুজন হাতও নাড়েন। শাহরুখ সবার উদ্দেশে ছুড়ে দেন উড়ন্ত চুমু। শাহরুখকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে নিজে হাতের গাড়ির দরজা বন্ধ করে দেন সালমান। দাঁড়িয়ে থাকেন সহকর্মীর চলে না যাওয়া অবধি।

সালমান ও শারুখের পোশাকেও অদ্ভুত মিল দেখা গেছেন। দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন।

নব্বইয়ের দশকে শাহরুখ অভিনীত ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন সালমান। আবার সালমানের ‘হর দিল জো প্যার করেগা’ সিনেমায় ক্যামিও চরিত্রে আসেন শাহরুখ। ‘করণ অর্জুন’ ও ‘হাম তুমহারে হ্যায় সনম’ সিনেমায় এই দুই তারকা একসঙ্গে কাজ করেছেন।

এছাড়া আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া শাহরুখের ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে সালমানকে। আর সালমানের ‘টাইগার থ্রি’ তে অতিথি চরিত্রে আসছেন শাহরুখ।

পরিবার ছাড়াও বাড়ির বাইরে অপেক্ষারত চিত্র সাংবাদিকদের সঙ্গেও কেক কাটেন সালমান। ওই পার্টিতে অতিথি হয়ে এসেছিলেন বলিউডের নায়ক কার্তিক আরিয়ান, সোনাক্ষী সিনহা, টাবু, সিদ্ধান্ত চর্তুর্বেদী, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, সঙ্গীতা বিজলানি, সুনীল শেঠিসহ অনেকে। 

এদিকে বলিউডের ‘কাঙ্ক্ষিত ব্যাচেলর’ সালমানকে ঘিরে যার নাম অনেক বেশি চর্চিত, সেই ক্যাটরিনা কাইফ জন্মদিনের পার্টিতে উপস্থিত না থাকলেও শুভেচ্ছা জানাতে ভোলেননি।

সালমানকে ‘টাইগার’ নামে সম্বোধন করে ইনস্টাগ্রামে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ক্যাটরিনা। যিনি নতুন বছরকে বরণ করতে স্বামী ভিকি কৌশলকে সঙ্গে দিয়ে বর্তমানে বিদেশে আছেন। 

সালমান খানকে শিগগিরই ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে টাইগার ৩-এ দেখা যাবে। সিনেমার শুটিং শেষ হয়েছে। আগামী বছর ২১ এপ্রিল সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পুরনো খবর:

জন্মদিনের আগে সাপের ছোবল খেলেন সালমান খান
বিয়ে না করা নিয়ে যা বলেছিলেন সালমান খান
সালমান খানকে হুমকির অভিযোগ ‘অস্বীকার’ লরেন্স বিষ্ণোই’র
সালমান খানকে ‘নারী নির্যাতক’ বললেন সাবেক প্রেমিকা