দিনের সব কথা ভিকিকে সকালেই বলতে হবে ক্যাটরিনার
ভিকি কৌশল জানিয়েছেন, তিনি এবং ক্যাটরিনা যখন সকালে ঘুম থেকে ওঠেন, দুজনের পরিস্থিতি থাকে দুরকম।
দেড় বছরের বিবাবিত জীবনে একে অন্যের সঙ্গে অনেক কিছুতে মানিয়ে নিতে পারলেও ক্যাটরিনার সঙ্গে একটি ব্যাপারে এখনও পেরে উঠছেন না ভিকি কৌশল। এর কারণ হল, সকালে ঘুম থেকে ওঠার পর দুজনের পরিস্থিতি থাকে দুরকম।
‘দ্য ইন্ডিয়াস এক্সপ্রেস’ বলছে, এক সাক্ষাৎকারে ভিকি কৌশল জানিয়েছেন, তিনি এবং ক্যাটরিনা সকালে যখন ঘুম থেকে ওঠেন, বাসায় দুটি ভিন্ন অবস্থা চলতে থাকে।
ভিকির ঘুমের রেশ কাটতেই চায় না।চোখ ও শরীর থেকে ঘুম ঝেড়ে ফেলে চাঙ্গা হয়ে দিনের কাজে ঢুকতে তার সময় লাগে। অন্যদিকে ক্যাটরিনা ঘুম থেকে জেগে উঠেই যেন প্রাণশক্তিতে ভরপুর। তাড়াতাড়ি তৈরি হয়ে পড়েন কাজে লাগতে।
ভিকি বলেন, “ঠিকমতো ঘুম থেকে উঠতে আমার দুই ঘণ্টার মত সময় লাগে। আমি ঘুম থেকে উঠি, কিছুক্ষণ বসে থাকি, পরপর কয়েকবার কফি খাই, হালকা নাস্তা করি, শরীর থেকে সহজে ঘুম যায় না। তাই আমি সকালে খুব বেশি কথা বলতে পারি না।
“কিন্তু সে জেগে ওঠে প্রচুর প্রাণশক্তি নিয়ে। এবং দিনের সব কাজকর্ম নিয়ে ক্যাটরিনার তখনই কথা বলা চাই। আমি ওর সব কথা ঠিকমত কানেই তুলতে পারি না, কথার তালই ধরতে পারি না। আলোচনা তাহলে কেমন করে করব!”
ভিকির ভাষ্য, “বিয়েটা প্রেম করেই হোক বা পারিবারিকভাবে, ভালোবাসা, বোঝাপড়া থাকা জরুরি। পারস্পরিক বোঝাপড়া, সহানুভূতি থাকতে হবে। স্বামী-স্ত্রী দুজন একসঙ্গে বসবাস করলেও যে আলাদা মানুষ, সেটা বুঝতে হবে।
ভিকির কথা হল, দুজনের মত সব সময় মিলতে হবে, এমন কোনো কথা নেই। পরিবারের সুখ গুরুত্বপূর্ণ হলেও, দুজন মানুষের সুখী হওয়াটা আসল কথা।
২০২১ সালে রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসোর্টে সাতপাকে বাঁধা পড়েন ভিকি ও ক্যাটরিনা। এরপর একাধিকবার দুজনের সংসারে নতুন অতিথি হওয়ার খবর চাউর হলেও সেটি ‘গুঞ্জনই’ রয়ে গেছে।
