২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ওস্তাদ রাশিদ খান ‘ভেন্টিলেশনে’

দক্ষিণ কলকাতার একটি হাসপাতালের আইসিইউতে নিয়ে ভেন্টিলেশনে রাখা হয়েছে এই শিল্পীকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2024, 02:46 PM

Updated : 09 Jan 2024, 02:46 PM

মাসখানেক ধরে হাসপাতলে ভর্তি থাকা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রাশিদ খানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

তাই দক্ষিণ কলকাতার একটি হাসপাতালের আইসিইউতে নিয়ে ভেন্টিলেশনে রাখা হয়েছে এই শিল্পীকে।

আনন্দবাজার বলছে, গত মাসের শেষের দিকে রাশিদ খানের শরীর কিছুটা ভালো হলেও মঙ্গলবার সকালে হঠাৎ করে তার অবস্থা খারাপ হয়। তাই চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে ভেন্টিলেশনে নিয়েছেন রাশিদ খানকে। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

৫৫ বছর বয়সী এই শিল্পী গত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছেন। এর মধ্যে গত বছরের ডিসেম্বরে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা চলার মধ্যেই রাশিদ খানের শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে।

এর মধ্যে হাসপাতালে ইনটেনসিভ থেরাপি ইউনিটেও (আইটিইউ) কিছুদিন ছিলেন তিনি।

রাশিদ খানের জন্ম ১৯৬৮ সালে ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী।

শাস্ত্রীয় সংগীতের শিল্পী হিসেবে পদ্মশ্রীসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন রশিদ।

বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।