২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠানের ট্রেইলার আসছে, এতেও সালমানের দেখা মিলছে না

‘কিং খান’র পাঠানে ক্যামিও হয়ে ‘টাইগার’ চরিত্রে দেখা যাবে ‘বলিউড ভাইজান’কে।

পাঠানের ট্রেইলার আসছে, এতেও সালমানের দেখা মিলছে না

বলিউডে সালমান খান ও শাহরুখ খানের সুসম্পর্কের কথা সুবিদিত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 09:49 PM

Updated : 09 Jan 2023, 09:50 PM

শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা পাঠানের ট্রেইলর আর একদিন বাদেই মুক্তি পেতে যাচ্ছে। তবে ট্রেইলারেও সালমান খানকে দেখা যাবে না বলে খবর এসেছে।

পাঠানে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের সঙ্গে সালমান খানের ক্যামিও উপস্থিতি রয়েছে। ফলে ‘কিং খান’র সঙ্গে ‘বলিউড ভাইজান’র ভক্তরাও রয়েছেন অপেক্ষায়।

টিজার এবং দুটি গান মুক্তির পর হৈ চৈয়ের মধ্যে রোববার শাহরুখ খান নতুন একটি পোস্টার প্রকাশ করে জানান, সোমবার পাঠানের ট্রেইলার প্রকাশ হবে।

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “পাঠানের উৎসবে যোগ দেওয়ার সময় হয়েছে। ১০ জানুয়ারি সকাল ১১টায় মুক্তি পাবে পাঠানের ট্রেইলার। অপেক্ষা করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ২৫ জানুয়ারি নিকটস্থ কোনো প্রেক্ষাগৃহে উদযাপন করুন ইয়াশ রাজ ফিল্মসের ‘পাঠান’। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।”

সিনেমায় জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনের নতুন লুকও শেয়ার করেছেন শাহরুখ। জনের ছবির ক্যাপশন লিখেছেন, “পর্দায় দেখা হবে... মজা হবে।” নীল পোশাকে বাম হাতে বন্দুক ধরে থাকা দীপিকার জন্য লিখেছেন, “মিশন শুরু হতে যাচ্ছে।”

তবে সালমান খানের ভূমিকা এখনও রহস্যের মাঝেই রেখে দিয়েছেন শাহরুখ।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ট্রেইলারেও সালমান খানের দেখা মিলছে না বলে নিশ্চিত হয়েছেন তারা।

তাদের এক প্রতিবেদনে বলা হয়, পাঠানে টাইগার চরিত্রে দেখা যাবে সালমান খানকে। তবে শাহরুখ খানের সঙ্গে সালমান খানকে ট্রেইলারে দেখা যাবে না। সিনেমার নির্মাতারা সালমানকে একেবারেই দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে তাদের একসঙ্গে দেখতে ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের।

সম্প্রতি টুইটারে শাহরুখ খানের কাছে ভক্তরা জানতে চেয়েছিলেন, সালমান খানকে কখন দেখা যাবে পাঠানে?

রসিকতা করে শাহরুখের উত্তর ছিল- “যখন টিকেটের কিউআর কোড আপনি স্ক্যান করবেন, তখনই ভাইজান আপনার কাছে ধরা দেবে।”

Image

সালমান খানের জন্মদিনের পার্টিতে শাহরুখ খান

শাহরুখ খানের সিনেমায় সালমানের উপস্থিতি এটাই প্রথম নয়। কুচ কুচ হোত হ্যায়, হাম তুমহারি হ্যায় সনম সিনেমায় সালমান খান ক্যামিও হয়ে এসেছিলেন। দুই খানের সম্পর্কের প্রকাশ সম্প্রতি সালমানের জন্মদিনেও ঘটিছিল। মধ্যরাতে আকস্মিক সালমানের কাছে গিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন শাহরুখ।

পাঠান দিয়ে পাঁচ বছর পর দর্শকের সামনে বড় পর্দায় আসছেন শাহরুখ। তবে মুক্তির আগেই তা আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে।

পুরনো খবর:

পাঠান ঝড়: শাহরুখের ‘শ্রাদ্ধ’ সারলেন অযোধ্যার সাধু
দীপিকার পোশাকে আপত্তি, ‘পাঠান’ বন্ধের দাবি মধ্যপ্রদেশে
পাঠান মুক্তি পেতে ১০ দৃশ্যে কাঁটছাট

কট্টর হিন্দুদের প্রতিবাদ এবং হুমকি-ধমকির মধ্যে দীপিকার গেরুয়া রঙের বিকিনি পরাসহ ১০টি দৃশ্য কাটঁছাট করার শর্ত দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেট (সিবিএফসি)।

ভারতের সিনে পোর্টাল বলিউড হাঙ্গামা জানিয়েছে, দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশনার পাশাপাশি সিনেমাটিকে ‘ইউএ’ সার্টিফিকেট দিয়েছে সিবিএফসি। এই সনদের অর্থ হলো সিনেমাটি বানানো হয়েছে মাঝ বয়সী দর্শকদের কথা মাথায় রেখে। তবে বাবা-মায়ের অনুমতিতে ১২ বছরের কম বয়সীরাও দেখতে পারবে।