Published : 27 Jul 2026, 02:49 PM
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার সিরিয়ালের অভিনেত্রী তন্বী লাহা।
আনন্দবাজার বলছে, অভিনেত্রীর শরীরে বাসা বেঁধেছিল টিউমার। প্রায় ৯.৫ সেন্টিমিটারের দুটি টিউমার ছিল, যেগুলো প্রায় ছয় মাসের শিশুর আকৃতির সমান বলে জানিয়েছেন তন্বী।
তন্বীর জরায়ুতে থাকা ওই টিউমার অস্ত্রোপচার করে অপসারণ করা হয়েছে। অস্ত্রোপচারে চার ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
'ভয় পেয়েছিলেন' জানিয়ে তন্বী বলেন, “মোট নয়টি ফাইব্রয়েডের (টিউমার) মধ্যে দুরটি আকার প্রায় ৯.৫ সেন্টিমিটার। যা ছয় মাসের শিশুর আকারের সমান। বাকি ফাইব্রয়েডগুলিও মাঝারি আকারের ছিল। অস্ত্রোপচার ছাড়া এর প্রতিকার অসম্ভব। ভয় পেলেও চিকিৎসদের ভরসাতেই সাহস পাই।”
সোমবার এই অভিনেত্রীর জন্মদিন। তবে অসুস্থতা আর হাসপাতালবাসের কারণে উদযাপন হচ্ছে না বলে মন খারাপ তার।
“জন্মদিন উদযাপন তো দূরের কথা, ঘুরতে যাওয়ার টিকেটও বাতিল করতে হয়েছে। সত্যিই, জীবনে এমন জন্মদিনের মাস কখনও কল্পনাও করিনি। প্রায় এক মাস ধরে একাধিক চিকিৎসকের পরামর্শ নিয়েছি, অসংখ্য পরীক্ষা, রিপোর্ট আর এমআরআই করিয়েছি। কিন্তু মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, জীবনের প্রথম অস্ত্রোপচারটা কার হাতে তুলে দেব।’’
তবে অস্ত্রোপচারের পরে তন্বী তার চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন।
কয়েক বছর আগে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ দিয়ে পর্দায় আসা তন্বী কিছুদিন হল একটি ওয়েব সিরিজে কাজ শুরু করেছেন। সেখানেও এক দিনের শুটিং বাকি আছে। তার শঙ্কা ছিল, সিরিজ থেকে বাদ হতে পারেন তিনি।
তবে পরিচালক, প্রযোজনা সংস্থা আশ্বস্ত করেছেন তাকে।
তন্বীর কথায়, ‘‘একের পর এক চিকিৎসা, পরীক্ষা আর হাসপাতালের দৌড়ঝাঁপের মাঝেই যতটা সম্ভব শুটিং করেছি। আসলে শুটিং শেষ হওয়ার আগেই অস্ত্রোপচার করতে হয়েছে। এখনও এক দিনের শুটিং বাকি, আর সেই কাজটা শেষ করার জন্য কারা আমাকে সময় দিয়েছেন। এই বিশ্বাস, এই সহযোগিতা আমি কোনও দিন ভুলব না।’’