১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাড়পত্র পেল ‘মানুষের বাগান’, আসছে প্রেক্ষাগৃহে

‘মানুষের বাগান’ সিনেমার চিত্রনাট্যে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাঁচটি গল্প নিজস্ব দর্শনে তুলে ধরেছেন নির্মাতা।

ছাড়পত্র পেল ‘মানুষের বাগান’, আসছে প্রেক্ষাগৃহে
‘মানুষের বাগান’ সিনেমার পোস্টার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 11:57 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

প্রায় সাত বছর আগে নির্মাণ করা নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র মিলেছে।  

সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বছরের প্রথম সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেট পেল ‘মানুষের বাগান’ চলচ্চিত্র। দর্শকরা শিগগিরই সিনেমাটি উপভোগ করতে পারবেন। 

একগুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে আতিক সিনেমাটি নির্মাণ ও সম্পাদনা শেষ করেন ২০১৯ সালের শেষের দিকে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, মাহমুদ আলম, প্রসুন আজাদ, দিপান্বিতা মার্টিন, ইকবাল আহমেদ, জয়রাজসহ অনেকে।  

‘মানুষের বাগান’ সিনেমায় মানুষের সম্পর্কের গভীরতা এবং জীবনের জটিলতার দিক তুলে ধরেছেন। সিনেমার চিত্রনাট্যে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাঁচটি গল্প নিজস্ব দর্শনে তৈরি করেছেন নির্মাতা।   

সিনেমায় ‘মানুষের বাগান’ শিরোনামেরই একটি গান রয়েছে। যেই গানটি করছে চিরকুট ব্যান্ড। গানটির গীতিকার নাহিদুর রহমান আনন্দ, যিনি চিরকুটের ‘যাদুর শহর’ গানটির কথাও লিখেছিলেন।

দুই বছর আগে আতিকের 'পেয়ারার সুবাস' সিনেমাটি মুক্তি পেয়েছিল, সেই সিনেমাটিও নির্মাণের আট বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি দেন তিনি।  

এর আগে আতিক নির্মাণ করেছেন 'লাল মোরগের জুটি', 'ডুব সাঁতার', 'কিত্তনখোলা' সহ বেশ কিছু সিনেমা।