১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘দাদাগিরি’ ও ‘সা রে গা মা পা’র শুটিং স্টুডিওতে আগুন

প্রথমে একটি মেকআপ ভ্যানে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়ায় পাশের আরেকটি মেকআপ ভ্যানে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2024, 06:37 PM

Updated : 22 Apr 2024, 06:37 PM

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ওয়ান’ এবং ‘সা রে গা মা পা’র শুটিং স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আনন্দবাজার জানিয়েছে, সোমবার শহরের রাজারহাটের ডিআরআর স্টুডিওতে আগুন লাগে, যেখানে সৌরভ গাঙ্গুলি, রচনা ব্যানার্জির রিয়েলিটি শোগুলোর শুটিং হয়।

সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে একটি মেকআপ ভ্যানে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়ায় পাশের আরেকটি মেকআপ ভ্যানে। দুইটি ভ্যানই পুড়ে যাওয়ার পর কাছের একটি টিনের শেডেও আগুনের আঁচ যায়।

আগুন লাগার পরপরই স্টুডিওতে সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়। শুরুতে স্টুডিওর পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা চলে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজারহাটের এই স্টুডিওতে জি বাংলার ‘সারেগামাপা লেজেন্ডস’র শুটিং হওয়ার কথা ছিল এদিন। অনির্বাণ ভট্টাচার্যের সঞ্চালনায় এই অনুষ্ঠানে এদিন স্টুডিওতে আসার কথা ছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আকৃতি কাক্কর, বিনোদ রাঠৌরদের।

এই ঘটনায় কারও হতাহত হওয়ার খবর আসেনি।