সন্তান হারানোর কষ্টের কথা তিনবছর পর জানালেন রানি
গর্ভপাতের ১০ দিনের মাথায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র প্রস্তাব পান রানি। সিনেমায় একজন লড়াকু মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
মার্চে মুক্তি পেয়েছে অসীমা ছিব্বার পরিচালিত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সিনেমায় একজন লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রানি মুখার্জি। যদিও পর্দার মতোই বাস্তব জীবনেও সন্তান হারানোর বেদনার সাথে লড়তে হয়েছে তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার পর তার গর্ভপাতের কষ্টের কথা ভাগ করে নিলেন রানি।
সম্প্রতি মেলবোর্নে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩’-এ মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী। বৃহস্পতিবার সেখানেই প্রথমবারের মতো নিজের গর্ভপাত নিয়ে রানি মুখ খুলেছেন বলে হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে।
অনুষ্ঠানে বিজনেস টুডেকে দেওয়া সাক্ষাৎকারে রানি জানান, ২০২০ সালে কোভিড মহামারীর সময় সন্তানসম্ভবা হন তিনি। কিন্তু পাঁচ মাসের মাথায় গর্ভপাত ঘটে তার। আর এই গোটা ঘটনাটাই ঘটেছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ এর শুটিং শুরুর আগে। কিন্তু তখন এই ঘটনাটি গোপন রেখেছিলেন। আশঙ্কা ছিল, যদি সবাই ভাবেন সিনেমার প্রচারের স্বার্থেই এই ঘটনার কথা বলছেন।
“হয়তো এটাই প্রথমবার, যখন এই বিষয়ে পাবলিকলি কথা বলছি। কারণ আমরা আজকাল যাই করি বা বলি না কেন, সকলেই ভাবেন সিনেমার প্রচারের স্বার্থেই সেটা করছি। আমি তাই ইচ্ছে করেই সিনেমার প্রচারের সময় তা গোপন রেখেছিলাম। ২০২০ সালের শেষদিকে, যখন চারদিকে মহামারীর প্রকোপ চলছে, আমি দ্বিতীয়বার গর্ভবতী হই। কিন্তু দুর্ভাগ্যবশত পাঁচ মাসের মাথায় আমি আমার সন্তানকে হারাই।”
অভিনেত্রী আরও জানান, তার গর্ভপাতের ১০ দিনের মাথায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ এর প্রযোজক নিখিল আডবানি তাকে সিনেমার প্রস্তাব দেন। যদিও তিনি এবং অসীমা ছিব্বার কেউ জানতেন না অভিনেত্রীর এই যন্ত্রণার কথা।
২০১৪ সালে আদিত্য চোপড়ার সঙ্গে ঘর বাঁধেন রানি। তাদের মেয়ে আদিরা ২০১৫ সালে জন্মেছে।
