২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দেশব্যাপী 'মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব' ফেব্রুয়ারিতে

আটটি বিভাগের নির্বাচিত ১৬টি দল নিয়ে 'মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব' আয়োজন করা হবে।

দেশব্যাপী 'মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব' ফেব্রুয়ারিতে
প্রথমবারের মত 'মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব' হতে চলেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 07:48 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

প্রথমবারের মত 'মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব' আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।  

এই লক্ষ্যে তিনটি পর্যায়ে দেশব্যাপী শুরু হয়েছে প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা। 

এই কর্মশালার উদ্দেশ্য হল এখান থেকে মোট ১৬টি দল নির্বাচন করা হবে, যে দলগুলো 'মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবে’ অংশ নেবে।

শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পনের দিনের ওই নাট্যকর্মশালা প্রথম পর্যায় শুরু হয়েছে গত ২০ জানুয়ারি থেকে, এটি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে এই কর্মশালা শুরু সোমবার থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

এছাড়া তৃতীয় পর্যায়ের কর্মশালা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ১৭ ফেব্রুয়ারিতে। 

এই নাট্যকর্মশালা প্রথম ও দ্বিতীয় পর্যায় শেষ হলে, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আটটি বিভাগীয় শহর থেকে আটটি দলকে বাছাই করা হবে কেন্দ্রীয় নাট্যোৎসবের জন্য।

তৃতীয় পর্যায়ের নাট্যকর্মশালা শেষ হলে, ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আটটি বিভাগ থেকে আরও আটটি দল নির্বাচন করা হবে।  এইভাবে মোট ১৬টি দল নিয়ে 'মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব' আয়োজন করার পরিকল্পনা নিয়েছে শিল্পকলা একাডেমি।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, গত ৫ জানুয়ারি ৬৪ জেলার নাট্যকর্মশালার পরিচালকদের নিয়ে একটি আয়োজন করা হয়। 

সেখানে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা এবং মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন।

কর্মশালা কবে, কোথায় 

প্রথম পর্যায়ে এই নাট্যকর্মশালা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এবং গাজীপুর জেলায়। 

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর এবং শেরপুর জেলায়। চট্টগ্রাম বিভাগের ফেনী, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায়। 

রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, জয়পুরহাট এবং নওগাঁ জেলায়। খুলনা বিভাগের খুলনা, মাগুরা, কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলায়।

এছাড়া রংপুর বিভাগের রংপুর ও পঞ্চগড় জেলায়। বরিশাল বিভাগের পটুয়াখালী, ঝালকাঠি এবং পিরোজপুর জেলায়। সিলেট বিভাগের মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলায়।  

দ্বিতীয় পর্যায়ের নাট্যকর্মশালা হচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী এবং মুন্সীগঞ্জ জেলায়। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙ্গামাটি, লক্ষীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান এবং নোয়াখালী জেলায়। 

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায়। খুলনা বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, নড়াইল এবং মেহেরপুর জেলায়। 

রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলায়। বরিশাল বিভাগের বরিশাল ও বরগুনা জেলায়। সিলেট বিভাগের সিলেট ও হবিগঞ্জ জেলায়।

তৃতীয় পর্যায়ের নাট্যকর্মশালা হবে ঢাকা বিভাগের মাদারীপুর; বরিশাল বিভাগের ভোলা এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায়।