Published : 19 Aug 2023, 03:47 PM
দাম্পত্য সঙ্গী হিসেবে সুনাম ধরে রেখেছেন বলিউডের বচ্চন পরিবারের ছেলে-পুত্রবধূ অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তারকারাও সুখে ঘর করতে পারেন, তার নজির হিসেবে তাদের দেখান হয়ে থাকে।
সেই নির্ঝঞ্ঝাট সম্পর্ক বয়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব কেবল ঐশ্বরিয়ার একার বলেই জানালেন অভিষেক।
টাইমস অব ইন্ডিয়া বলছে, কিছুদিন আগে মুম্বাইয়ে এক পডকাস্টে এসেছিলেন অভিষেক। সেখানে তিনি বলেন, মাথা গরম নিয়ে বাসায় ফেরার পর তার স্ত্রী প্রথমে চুপচাপ তার কথা শোনে, বিরক্ত হন না। এরপর মেজাজ ঠাণ্ডা করতে এমন সব কথা বলেন যে, রাগ এমনিতেই নেমে যায় অভিষেকের।
অভিষেক বলেন, “আপনিই বলুন, মুম্বাইয়ের রাস্তায় যে ট্রাফিক, সারাদিন পরিশ্রমের পর এই রাস্তাঘাট দিয়ে মাথা ঠাণ্ডা রেখে বাড়ি ফেরা সম্ভব? তো রেগেমেগে বাড়ি ফেরার পর ঐশ্বরিয়া বলে, ‘তুমি কেন এত রেগে আছ? যেমন করেই হোক বাড়িতে তো ফিরেছ। বাড়ি ফিরে আমাদের সুস্থ অবস্থায় পেয়েছ, এখন শান্ত হও’।“
অভিষেকের ভাষ্য, কোভিড মহামারীর সময় থেকে সবাই মিলে বেঁচে থাকা এবং সুস্থ থাকার ভেতরেই ঐশ্বরিয়া শান্তি খুঁজে পান।
মহামারীর প্রথম বছর ২০২০ সালেই করোনাভাইরাসের থাবা পড়ে বচ্চন পরিবারের উপর। অমিতাভ, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়া এবং তাদের মেয়ে আরাধ্যা বচ্চনও সে সময় আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন।
সবাই একে একে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বেশিদিন হাসপাতালে থাকতে হয় অভিষেককে।
তিনি বলেন, “প্রায় এক মাস হাসাপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যখন বাড়িতে ফিরি, ঐশ্বরিয়ার প্রথম কথাই ছিল যে আমরা খুব ভাগ্যবান। কারণ পরিবারের কাউকে হারাতে হয়নি, বিধ্বস্ত হয়ে যাইনি আমরা। এর চেয়ে বড় আর কিছু পাওয়ার নেই।”
২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক ও ঐশ্বরিয়া। তবে এই জুটির বাস্তবজীবনের ভালোবাসার গল্প শুরু আগের বছর ‘উমরাও জান’ সিনেমার শুটিং সেট থেকে।
অভিষেকের ‘ঘুমর’
ক্যারিয়ারে ২৩ বছর পাড়ি দেওয়া অভিষেক পাঁচ বছর পর বড় পর্দায় ফিরেছেন ‘ঘুমর’ সিনেমা দিয়ে। নির্মাতা আর বাল্কি তার এই সিনেমায় অভিষেককে তুলে ধরেছেন ক্রিকেটার কোচের ব্যতিক্রমী এক চরিত্রে।
সিনেমার ট্রেইলার প্রকাশের পরপর থেকে অভিনয়ের প্রশংসা পাচ্ছেন অভিষেক। শুক্রবার মুক্তির দিন মুম্বাইয়ের একটি হলে সশরীরে গিয়ে দর্শকদের চমকে দেন তিনি। পরে দর্শকদের সঙ্গে কথা বলেন তিনি এবং সেলফি তোলেন এই অভিনেতা।
এক উচ্চাকাঙক্ষী নারী ক্রিকেটারের সংগ্রামের গল্প নিয়ে আসছে ‘ঘুমর’। যে ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। কিন্তু এক দুর্ঘটনায় হারাতে হয়েছে ডান হাত। সেই সঙ্গে ভেঙে খানখান হয়ে যায় খেলা নিয়ে তার যাবতীয় স্বপ্ন। কেবল মৃত্যু কামনার তার দিন যায়, চেষ্টা করেন আত্মহননের।
মেয়েটিকে এমন অবস্থা থেকে উদ্ধারে এগিয়ে আসেন তার কোচ অভিষেক। কোনো অবস্থাতেই হাল ছাড়তে নারাজ ওই কোচ তার শিষ্যকে নিয়ে এগোতে চান এক হাতেই।
এ সিনেমায় একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।
‘ঘুমর’ ভারতীয় ক্রিকেটারদের মনোযোগ কেড়েছে। সিনেমাটি দেখে ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ টুইটে বলেছেন, “ক্রিকেট হল আবেগ ও অনুপ্রেরণার মিশেল। দারুণ উপভোগ করেছি সিনেমাটি।“
ধারা ভাষ্যকার হর্ষে ভোগলে অভিষেকের তারিফ করেছেন মন খুলে।
তিনি বলেন, “অভিষেকের মধ্যে সত্যিকারের একজন ক্রিকেটারকে আমি খুঁজে পেয়েছি। বলাই বাহুল্য তিনি অসাধারণ। বিশেষ চরিত্রে এসে অভিতাভজি ফের বুঝিয়ে দিয়েছেন যে তিনি অভিতাভ বচ্চন।“
ট্রেইলার প্রকাশের পর থেকেই অভিষেকের অভিনয়ের প্রশংসা করে টুইট করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, যুবরাজ সিংয়ের মত তারকা ক্রিকেটাররা। তারা প্রত্যেকেই সিনেমাটি দেখার প্রতীক্ষার কথা জানিয়েছেন।
এই সিনেমায় ক্রিকেটার হয়েছেন সৈয়ামি খের। আরও অভিনয় করেছেন শাবানা আজমী, অঙ্গদ বেদী, নিমরত কৌর এবং অমিতাভ বচ্চন।
আরও পড়ুন
পুরানো খবর:
মেলবোর্নে অভিষেকের ‘ঘুমর’ টিমপুরানো খবর:
ট্রেইলারে ‘ঘুমার’: অভিষেক এই খেলাটি ভালোবাসেন