১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেইলারে ‘ঘুমার’: অভিষেক এই খেলাটি ভালোবাসেন

আর বাল্কি পরিচালিত ‘ঘুমার’ বড় পর্দায় মুক্তি পাবে আগামী ১৮ অগাস্ট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 02:49 PM

Updated : 05 Aug 2023, 04:17 PM

‘মদ্যপ’ অভিষেক বচ্চন ভারী গলায় জানাতে চাইছেন, “এক হাত নিয়ে কি কেউ দেশের হয়ে ক্রিকেট খেলতে পারে? যুক্তি কী বলে?”

নিজেই নিজের প্রশ্নের উত্তরে বলেন, “না পারেন না। কিন্তু ‘ঘুমার’ যুক্তির গল্প নয়, এক ম্যাজিকের কাহিনী।”

দুই সপ্তাহ পর মুক্তি পেতে চলা ‘ঘুমার’ সিনেমার ট্রেইলারের শুরুতে অভিষেক গল্পের গুমোর ফাঁস করেছেন এভাবে।

এনডিটিভি জানিয়েছে, প্রয়াত শিল্প পরিচালক নিতিন দেশাইকে শ্রদ্ধা জানিয়ে ‘ঘুমার’ সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে শুক্রবার। 

এক উচ্চাকাঙক্ষী নারী ক্রিকেটারের সংগ্রাম দেখিয়েছে ওই ট্রেইলার। যে ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। কিন্তু এক দুর্ঘটনায় হারাতে হয় ডান হাত। সেই সঙ্গে ভেঙে খানখান হয়ে যায় খেলা নিয়ে তার যাবতীয় স্বপ্ন। কেবল মৃত্যু কামনার তার দিন যায়, চেষ্টা করেন আত্মহননের।

মেয়েটিকে এমন অবস্থা থেকে উদ্ধারে এগিয়ে আসেন তার কোচ। কোনো অবস্থাতেই হাল ছাড়তে নারাজ ওই কোচ তার শিষ্যকে নিয়ে এগোতে চান এক হাতেই।

ট্রেইলারের শেষে অভিষেক বলেন, “আমি এই গেমটি ভালোবাসি।”

এই সিনেমায় ক্রিকেটার হয়েছে সৈয়ামি খের আর কোচের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে।

আরও অভিনয় করেছেন শাবানা আজমী, অঙ্গদ বেদী, নিমরত কৌরসহ আরও অনেকে। এছাড়া বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।

ট্রেইলারে অভিষেকের অভিনয়ের প্রশংসা এসেছে। তার মুখের “জীবন থেকে যখন কোনো দরজা একবার বন্ধ হয়ে যায়, তখন সেই দরজাটি না খোলার চেষ্টা করে আপনাকে ভেঙে ফেলতে হয়” সংলাপটি ভাইরাল হয়েছে এই অল্প সময়ের মধ্যে।

আর বাল্কি পরিচালিত ‘ঘুমার’ বড় পর্দায় মুক্তি পাবে আগামী ১৮ অগাস্ট। সিনেমার চিত্রনাট্যও লিখেছেন বাল্কি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে  ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩’-এ সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।

২০২২ সালে ‘দশভি’ সিনেমায় শেষ দেখা যায় অভিষেককে। এক বছরের বিরতি শেষে সৈয়ামি খেরের সঙ্গে পর্দায় ফিরেছেন বচ্চনপুত্র।

এছাড়া ‘এসএসএসসেভেন’ সিনেমা নিয়েও ব্যস্ততা চলছে তার। এসবের মধ্যে খবর চাউর হয়েছে, রাজনীতি নিয়ে আগ্রহ আছে অভিষেকের।

শোনা গেছে, মায়ের মতো অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে (এসপি) যোগ দিতে যাচ্ছেন অভিষেক।