আলিয়ার হাতে মার খাওয়ার ভয়ে থাকেন রাণবীর?
‘অ্যানিমাল’র ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে এসে স্ত্রীকে নিয়ে এ মন্তব্য করেছেন রাণবীর।
দুর্নাম রয়েছে স্ত্রী আলিয়া ভাটের ওপর বেশি বেশি খবরদারি করেন বলিউড অভিনেতা রাণবীর কাপুর। এ নিয়ে নেটিজেনদের সমালোচনাও কম সইতে হচ্ছে না তার। এবার অবশ্য জানা গেল ভিন্ন কথা; রাণবীর নিজেই না কি ভয়ে থাকেন আলিয়ার হাতে মার খাওয়ার।
রাণবীরের নতুন ছবি ‘অ্যানিমাল’ এর ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করেছেন এ অভিনেতা বলে আনন্দবাজার বলেছে।
এ সিনেমার অর্জুন চরিত্রকে ক্যারিয়ারের সব থেকে চ্যালেঞ্জিং চরিত্র মানছেন রাণবীর। তবে শুটিং শেষে অর্জুনের চরিত্রের মধ্যেই ডুবে থাকতেন না; যদিও অতীতেও বহুবার নিজেকে ‘মেথড অ্যাক্টিংয়ে’ বিশ্বাসী বলে দাবি করেছেন তিনি।
তবে হঠাৎ এ কথা কেন বললেন তিনি?
রাণবীর জানান, ‘‘আমি কখনওই কোনও চরিত্রকে নিজের সঙ্গে করে বাড়িতে নিয়ে যাই না। কারণ, সেটা আমার আশপাশের মানুষগুলোর প্রতি অবিচার করা হয়। আর যদি তা করতাম, তা হলে আমার বৌ আমাকে মারত।’’
আনন্দবাজার লিখেছে, শুটিং চলাকালীন তা হলে কি রাণবীর অর্জুনের চরিত্রের মধ্যেই থাকতেন? শুনেই সাফ মানা করে দিলেন তিনি। কারণ, তা হলে না কি আলিয়ার হাতে মার খেতে হত।
যে সময় ‘অ্যানিম্যাল’ ছবির শুটিং করেছেন রাণবীর, সে সময় আলিয়া ছিলেন অন্তঃসত্ত্বা। সেই সময় যদি এমন একটা মানসিক বিকারগ্রস্ত চরিত্রের রেশ বাড়িতে নিয়ে যেতেন, সেটা তাদের অনাগত সন্তানের উপর খারাপ প্রভাব ফেলত।
রাণবীর বলেন, ‘‘আমি কখনওই কোনও চরিত্রকে নিজের সঙ্গে করে বাড়িতে নিয়ে যাই না। কারণ, সেটা আমার আশপাশের মানুষগুলোর প্রতি অবিচার করা হয়। আর যদি তা করতাম, তা হলে আমার বৌ আমাকে মারত।’’
সম্প্রতি মুক্তি পাওয়া ‘অ্যানিমাল’র সাড়ে তিন মিনিটের ট্রেইলারে মারামারির শ্বাসরুদ্ধকর সব দৃশ্যে পাওয়া গেছে রাণবীরকে। বাবা-ছেলে সম্পর্কের জটিল দ্বন্দ্বের প্রেক্ষাপটে সাজানো ‘অ্যানিমাল’ এ বাবার প্রতি অন্ধ ভালোবাসা থেকেই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়তে দেখা যায় এ অভিনেতাকে।
কখনও বন্দুক হাতে, কখনও কুড়াল হাতে রক্তের বন্যা বইয়ে চলেন; ঠান্ডা মাথায় জন্তুর মত একের পর এক খুন করতে থাকেন নায়ক।
বুধবার মুক্তির দিনক্ষণ জানিয়ে ভারতীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে ‘অ্যানিমাল’ এর ‘এ’ সার্টিফিকেট পাওয়া বিষয়টি সোশাল মিডিয়ায় ঘোষণা করেন নির্মাতা।
এর কিছুদিন আগেই দুবাইয়ের বুর্জ খলিফা আলোকিত করেছিল সিনেমাটি। গত সপ্তাহে সিনেমার ৬০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সেখানকার আইকনিক স্ক্রিনের বিরাট ক্যানভাসে দেখানো হয়; যা দেখে অভিভূত হন ভক্তরা।
এ সিনেমায় রাণবীরের সঙ্গে আরেক প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। রাণবীরের স্ত্রী হয়েছেন রাশমিকা মান্দানা। খল চরিত্রে রয়েছেন ববি দেওল।
