সেই মারের আওয়াজ এখনো ভোলেননি রণবীর
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাণবীর তার স্কুলজীবনের কাণ্ডকারখানার কথা ফাঁস করেছেন।
বলিউড অভিনেতা রাণবীর কাপুর নাকি যে কোনো বায়োপিকের জন্যই বেশ মানানসই; সিনেমা বিশেষজ্ঞদের কারো কারো তেমনটাই দাবি। আর এই ‘নকল করার’ স্বভাব নাকি খুব ছোটবেলাতেই রপ্ত করে ফেলেছিলেন অভিনেতা, এক আলাপচারিতায় সে কথা নিজেই জানিয়েছেন।
সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রাণবীর তার স্কুলজীবনের কাণ্ডকারখানার কথা ফাঁস করেছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
নায়ক জানান, তিনি খুব ছোটবেলা থেকেই বেশ ভালো নকল করতে পারতেন। ‘একবার ছাড়া’ আর কখনো ধরা পড়েননি।
“ক্লাস সেভেন কিংবা এইটে পড়ি তখন। হামাগুড়ি দিয়ে ক্লাসের বাইরে বের হচ্ছিলাম। ঠিক তখন স্কুলের অধ্যক্ষ আমার সামনে হাজির। আমি ওইদিন এমন মার খেয়েছিলাম, সেই মারের আওয়াজ এখনও আমার কানে বাজে।”
সাক্ষাৎকারে নিজেকে ‘ফুটবলপ্রেমী’ হিসেবেও তুলে ধরেন অভিনেতা। জানান, ষষ্ঠ শ্রেণিতে স্কুলের ফুটবল দলের জন্য নির্বাচিত হয়েছিলেন। সেবার গোলও করেছিলেন একটা। সেবারই প্রথম তার নাম পত্রিকায় এসেছিল বলে মা নীতু সিং পেপার কাটিং যত্ন করে রেখেছিলেন; সেটা এখনও অক্ষত আছে।
অভিনয়ের ফাঁকে সুযোগ পেলেই ফুটবল খেলতে দেখা যায় রাণবীরকে। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই ২০১৪ সালে মুম্বাইয়ের একটা ফুটবল টিম কেনেন তিনি।
রাণবীরকে আগামীতে রাশমিকা মানদানার বিপরীতে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমা ‘অ্যানিম্যাল’-এ দেখা যাবে।
