ঠাকুরমার বিরুদ্ধে বাবা রাণবীরের কাছে নাশিল মেয়ে রাহার
“প্রতি রাতে রাণবীর ও রাহার মধ্যে যা ঘটে, তা আমার ভীষণ পছন্দ। ও রাহাকে জিজ্ঞেস করে আজ বিশেষ কী ঘটেছে?”
বলিউডি জুটি রাণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুরকে নিয়ে বাবার এক বিশেষ অভ্যাসের কথা সামনে আনলেন ঠাকুরমা অভিনেত্রী নীতু কাপুর।
তিনি বলেছেন, কাজ থেকে ফিরে প্রতি রাতে মেয়ের সঙ্গে সারা দিনের অনুভূতি ভাগ করে নেওয়ার সুন্দর অভ্যাস গড়ে তুলেছেন রাণবীর।
হিন্দুস্থান টাইমস লিখেছে, সম্প্রতি বিনোদনভিত্তিক প্ল্যাটফর্ম ‘কার্লি টেলস’ কে দেওয়া এক সাক্ষাৎকারে নীতু কাপুর ছেলে রাণবীরের সন্তান লালন-পালনের নানা দিক নিয়ে কথা বলেছেন। নীতু বলেছেন, সন্তানদের সঙ্গে তিনি সব সময় বন্ধুর মত মিশেছেন, যাতে তারা নির্দ্বিধায় সবকিছু প্রকাশ করতে পারে। রাণবীরও তার মেয়ে রাহার সঙ্গে ঠিক তেমনই এক সম্পর্ক তৈরি করেছেন।
নীতুর ভাষ্য, “প্রতি রাতে রাণবীর ও রাহার মধ্যে যা ঘটে, তা আমার ভীষণ পছন্দ। ও রাহাকে জিজ্ঞেস করে আজ বিশেষ কী ঘটেছে? কীসে সে আনন্দ পেয়েছে আর কীসে কষ্ট পেয়েছে। এরপর রাহা সব কথা নিজের মত করে বলে। এটি সত্যিই দারুণ এক অভ্যাস।”
সাক্ষাৎকারে নীতু একটি মজার ঘটনার কথা স্মরণ করেন, যেখানে নাতনি রাহা তার বিরুদ্ধে রাণবীরের কাছে নালিশ করেছিল।
নীতুর ভাষায়, “আমি আরতি করছিলাম। থালাটি ভুলবশত রাহার মাথায় সামান্য আঘাত করে। রাতে রাণবীর যখন তাকে জিজ্ঞেস করে আজ কীসে তোমার মন খারাপ হয়েছিল, রাহা বলে দিদা তাকে মেরেছে। এরপরই রাণবীর আমাকে ভিডিও কল করে বলে, মা তুমি আমার সন্তানকে মারলে? আমি তখন বুঝিয়ে বলি যে পূজা করার সময় দুর্ঘটনাবশত থালা লেগে গেছে।”
নীতু আরও জানিয়েছেন, রাণবীর কাজ শেষে বাড়ি ফিরলে রাহা সব সময় তাকে ‘জয় শ্রী রাম’ বলে অভিবাদন জানায়।
এর আগে এক পডকাস্টে রাণবীর ও আলিয়া ভাটের অভিভাবকত্বের প্রশংসা করে নীতু বলেছিলেন, আলিয়া কিছুটা নিয়মনিষ্ঠ ও কড়া মেজাজের মা হলেও রাণবীর রাহার কাছে একদম বন্ধুর মত।
২০২২ সালের নভেম্বরে জন্ম নেয় রাণবীর-আলিয়া দম্পতির কন্যা রাহা। ২০২৩ সালে প্রথম জন্মদিনে তাকে প্রকাশ্যে আনেন এই তারকা জুটি।
বর্তমানে নীতিশ তিওয়ারির ‘রামায়ণ:’ সিনেমা নিয়ে প্রশংসায় ভাসছেন রাণবীর কাপুর। সিনেমাটি ইতোমধ্যেই ভারতের বক্স অফিসে ২৩৮ কোটি রুপি আয় করেছে। এরপর সঞ্জয় লীলা বানশালির ড্রামা ‘লাভ অ্যান্ড ওয়ার’ এ দেখা যাবে এই অভিনেতাকে, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল।
