কেন হলিউডে নিয়মিত নন রহমান?
বেশ কিছু হলিউডের সিনেমায় কাজ করার পরেও ভারতীয় সংস্কৃতির সঙ্গে যোগসূত্র রয়েছে এমন গল্প থাকলেই শুধুমাত্র ডাকা হয় তাকে ।
ভারতীয় সঙ্গীতকে আন্তর্জাতিক মহলে জনপ্রিয় করে তুলেছেন সুরকার এ আর রহমান। তবুও হলিউডে সংগীত পরিচালনা নিয়ে আক্ষেপ রয়েছে তার। সম্প্রতি নিজেই সে কথা জানালেন অস্কার জয়ী এ সুরকার।
মার্কিন সংবাদমাধ্যম ফোর্বসকে দেয়া সাক্ষাৎকারে রহমান বলেন, ভারতীয় সুরকার হিসাবে অস্কার জয়ের পরও নির্দিষ্ট ছকে তাকে বন্দী করে রাখা হয়েছে, যা থেকে সচেতনভাবেই বের হতে চান তিনি।
বেশ কিছু হলিউডের সিনেমায় কাজ করার পরেও ভারতীয় সংস্কৃতির সঙ্গে যোগসূত্র রয়েছে এমন গল্প থাকলেই শুধু তাকে ডাকা হয়। যে কারণে হলিউডে সঙ্গীত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার তেমন সুযোগ মেলেনি তার।
“লোকেরা কেবল ভারতীয় সংস্কৃতির সঙ্গে যোগসূত্র রয়েছে এমন গানের জন্যই আমাকে খোঁজে। যদিও এতে কোনো ভুল নেই। আমার অনেক ভারতীয় কাজ নিয়ে গর্বিত আমি। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এমন কিছু কাজও করতে চাই, নিজের সৃজনশীলতা প্রকাশ করতে চাই। হলিউডে সে সুযোগ পাইনি আমি।”
সাক্ষাত্কারে আরও জানান, ভারতীয় সংস্কৃতির থেকে ভিন্ন কিছু করতে চেয়েছিলেন বলেই ‘লে মাস্ক’ সিনেমায় কাজ করেছিলেন রহমান।
থ্রিলার ঘরানার এ সিনেমার মধ্য দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন তিনি। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন নোরা আর্নেজেডার এবং গাই বার্নেট। গতবছর কান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির।
ভারতীয় সিনেমার পাশাপাশি রহমান ড্যানি বয়েলের '১২৭ আওয়ারস', 'মিলিয়ন ডলার আর্ম' এবং 'পেলে: বার্থ অব আ লেজেন্ড' এর মতো সিনেমায় সুরকার হিসেবে কাজ করেছেন।
